দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে।
রোববার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর বিভাগে একজন করে এবং সিলেট বিভাগে তিন শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১৬২ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন। বাকি ১ হাজার ৫৮ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৮০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫ হাজার ২৮ জনে।
এ ছাড়া এক দিনে নতুন করে ৯৩ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে নিশ্চিতভাবে হাম আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৪২১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৪৭ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৪ হাজার ৪৬৯ জন।
এসআর