[email protected] শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ অব্যাহত, চিকিৎসাধীন ৭৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬ ১১:৩৫ এএম

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। গত ২৪

 ঘণ্টায় হাসপাতালটিতে নতুন করে আরও ৪২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ অক্টোবর পর্যন্ত এই হাসপাতালে মোট ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ২ হাজার ৪৯ জনে পৌঁছেছে।

​বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ২৭ জন পুরুষ, ৮ জন নারী এবং ৭ জন শিশু রয়েছে। গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে ৪৯ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে, যাদের মধ্যে ২৪ জন পুরুষ, ১৫ জন নারী ও ১০ জন শিশু। একই সময়ে উন্নত চিকিৎসার জন্য ২ জন পুরুষ রোগীকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি।

​বর্তমানে হাসপাতালটির ওয়ার্ডে মোট ৭৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে ৩৮ জন পুরুষ, ২৮ জন নারী এবং ৮ জন শিশু। এছাড়া বহির্বিভাগেও রোগীর চাপ দেখা গেছে; গত ২৪ ঘণ্টায় সেখানে আরও ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে এ বছর বহির্বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬০৭ জনে। চলতি বছর হাসপাতালটি থেকে মোট ১৩৭ জনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে এবং মোট ৩ জনের মৃত্যু হয়েছে।

​চিকিৎসা ব্যবস্থা ও পরিস্থিতি সামাল দেওয়া প্রসঙ্গে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুব হাসান জানান, জনবল সংকট থাকা সত্ত্বেও রোগীদের সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে তিনজন নতুন চিকিৎসক পদায়ন করা হয়েছে।

​অন্যদিকে, জেলার সিভিল সার্জন ডা. এ. কে. এম. শাহাব উদ্দীন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডকে ৮টি ভাগে ভাগ করে প্রতিদিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত মশা নিধন ও সচেতনতামূলক অভিযান চালানো হচ্ছে। এডিস মশার প্রজননস্থল মেলায় ইতোমধ্যে কয়েকটি বাড়ির মালিককে জরিমানাও করা হয়েছে। নিয়মিত এসব কার্যক্রমের মাধ্যমে শিগগিরই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এসআর

সম্পর্কিত খবর