রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ইমরুল কায়েস
হৃদয় (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবক পাবনার বেড়া উপজেলার বাসিন্দা। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বমোট ৬৯ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে হাসপাতালের মুখপাত্র শেখ শামীম হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ইমরুল কায়েস গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৫৩ মিনিটে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত ৮টা ২০ মিনিটে তার মৃত্যু হয়; চিকিৎসকরা জানান, মৃত্যুর প্রধান কারণ ছিল 'ডেঙ্গু শক সিন্ড্রোম'। গত এক দিনে হাসপাতালে ২০ জন নতুন রোগী ভর্তির পাশাপাশি চিকিৎসা শেষে ১৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ডেঙ্গু শক সিন্ড্রোমে রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে বলে চিকিৎসকরা সতর্ক করেছেন এবং জ্বর, শরীর ব্যথা, মাথাব্যথা, বমি বা দুর্বলতার মতো উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
এসআর