আগামীর বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে দেশের সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
বুধবার (১২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে সেভ দ্য চিলড্রেন আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক যুব দিবসের অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রী বলেন, সরকার এমন একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে সমাজের প্রতিটি মানুষের অংশগ্রহণ থাকবে।
এটি কেবল পরিকল্পনা বা ধারণার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবে প্রতিষ্ঠা করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
দেশের জনমিতিক সুবিধা বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগাতে তরুণদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন ডা. জাহিদ হোসেন।
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষার প্রসার ঘটানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, তরুণ-তরুণীদের বিভিন্ন ট্রেডে দক্ষ করে তুলতে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।
যাদের ব্যবসা শুরু করার মতো প্রয়োজনীয় অর্থ নেই, তাদের সহায়তার জন্য সিড মানি দেওয়ার ব্যবস্থাও রয়েছে। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চলতি বাজেটে ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড রাখা হয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে আলোচকরা তরুণদের কর্মবাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
পাশাপাশি দক্ষতা উন্নয়নের সঙ্গে নেটওয়ার্কিং বাড়ানোর আহ্বান জানানো হয়।
শিক্ষার্থী, দক্ষ কর্মী, উদ্যোক্তা, নেতৃত্বদানকারী, সিদ্ধান্ত গ্রহণকারী এবং ইতিবাচক পরিবর্তনের প্রতিনিধি হিসেবে তরুণদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা ছাড়াও উন্নয়ন সহযোগী সংস্থা, এনজিও, সুশীল সমাজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসআর