দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
একই সময়ে নতুন করে ১ হাজার ৮৫ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় ৭৫১ জনকে সন্দেহজনক হামরোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। আর চলতি বছরের ১৫ মার্চ থেকে ১ আগস্ট পর্যন্ত সারা দেশে মোট সন্দেহভাজন হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৩১০ জনে।
একই সময়ে পরীক্ষায় ১২১ জনের হাম নিশ্চিত হয়েছে। ১৫ মার্চ থেকে ১ আগস্ট পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা ১৬ হাজার ১৮০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১১ হাজার ৬৭৪ জন।
তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭ হাজার ৩৬৭ জন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ১ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গে মোট ৭৪৪ শিশুর মৃত্যু হয়েছে।
তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত নিশ্চিত হামজনিত মৃত্যুর সংখ্যা ৯৬ জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এসআর