রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে
স্বাস্থ্য অধিদপ্তর এই সিদ্ধান্ত জানানোর পর থেকেই হাসপাতালটির নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিটি ফটকে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
গত ২৭ মে হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ১ থেকে ৪ দিন বয়সী ৬ নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। বিষয়টি তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে। তদন্ত কমিটির প্রতিবেদনে জানানো হয়, ওয়ার্ডে অতিরিক্ত মানুষের উপস্থিতি, দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকা, বিকল্প ভেন্টিলেশন বা বাতাস চলাচলের ব্যবস্থা না থাকা এবং বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়াই ছিল এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর সম্ভাব্য কারণ। ৪ জুন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এই তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন।
প্রতিবেদনের ওপর ভিত্তি করে স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতাল কর্তৃপক্ষকে অবহেলা ও অক্সিজেন স্বল্পতার কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয়। নোটিশের জবাব দেওয়ার জন্য প্রথমে ৭২ ঘণ্টা সময় দেওয়া হলেও হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে আরও ৪৮ ঘণ্টা সময় বাড়ানো হয়।
গত ৯ জুন হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত জবাব জমা দিলেও তা স্বাস্থ্য অধিদপ্তরের কাছে সন্তোষজনক মনে হয়নি। ফলে ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২’ এর ১১(২) (খ) ধারা অনুযায়ী হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়।
তবে এই অধ্যাদেশের ১২ ধারা অনুযায়ী আগামী ৩০ দিনের মধ্যে সরকারের কাছে আপিল করার সুযোগ রয়েছে। হাসপাতালের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির জানিয়েছেন, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী রোববার তারা সরকারের কাছে আপিল আবেদন করবেন।
এসআর