[email protected] বৃহঃস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩

জলবায়ু অর্থায়নে ধনী দেশগুলোর কাছে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি চায় উন্নয়নশীল বিশ্ব

সাইদুর রহমান

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬ ২:৫১ পিএম

সংগৃহীত ছবি

আন্তালিয়া (তুরস্ক), ১২ নভেম্বর: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল

 দেশগুলোর জন্য ধনী রাষ্ট্রগুলোর কাছ থেকে সুনির্দিষ্ট সরকারি অর্থায়নের প্রতিশ্রুতি দাবি জোরালো হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ। উন্নত দেশগুলো ঠিক কত অর্থ দেবে, কখন সেই অর্থ পাওয়া যাবে এবং নতুন করে ঋণের বোঝা না বাড়িয়ে কীভাবে অর্থায়ন নিশ্চিত করা হবে—এসব বিষয়ে স্পষ্ট অবস্থান জানাতে চাপ দিচ্ছে উন্নয়নশীল দেশগুলো।

কপ৩১-এর আলোচ্যসূচিতে জলবায়ু অর্থায়নবিষয়ক কার্যসূচি বহাল রাখতে জি৭৭ ও চীনের ঐক্যবদ্ধ অবস্থানের পর এ দাবি আরও জোরালো হয়ে উঠেছে। উন্নয়নশীল দেশগুলোর মতে, জলবায়ু সংকট মোকাবিলায় অর্থায়নের প্রতিশ্রুতি শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ থাকলে চলবে না; তা বাস্তবায়নের জন্য প্রয়োজন নির্দিষ্ট পরিমাণ অর্থ, সময়সীমা ও সহজ শর্তে অর্থপ্রাপ্তির নিশ্চয়তা।

থার্ড ওয়ার্ল্ড নেটওয়ার্কের মীনাক্ষী রামণ বলেন, আনতালিয়ায় জি৭৭ ও চীন ঐক্যবদ্ধভাবে জলবায়ু অর্থায়নের কার্যসূচি আলোচ্যসূচিতে ধরে রাখতে সক্ষম হয়েছে। আলোচনার পরবর্তী পর্যায়েও উন্নয়নশীল দেশগুলোর ঐক্য বজায় রাখা জরুরি। পাশাপাশি তাদের অগ্রাধিকারগুলোর মধ্যে বিভাজন তৈরির যেকোনো প্রচেষ্টা প্রতিহত করতে হবে।

তিনি বলেন, প্যারিস চুক্তির ৯.১ অনুচ্ছেদ অনুযায়ী, উন্নত দেশগুলোর ওপর উন্নয়নশীল দেশগুলোকে অর্থায়ন করার বাধ্যবাধকতা রয়েছে। এই অর্থের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে কার্বন নিঃসরণ কমানো এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার (অভিযোজন) কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করার কথা। তাই উন্নত দেশগুলোর উচিত আলোচনায় নিজেদের দায়িত্ব পালনের বিষয়ে স্পষ্ট অবস্থান জানানো। তারা কত অর্থ সরকারি অনুদান হিসেবে দেবে, কখন সেই অর্থ পাওয়া যাবে এবং ঋণের বোঝা না বাড়িয়ে কীভাবে তা সরবরাহ করা হবে—এসব প্রশ্নের সুনির্দিষ্ট জবাব দিতে হবে।

এর আগে ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত কপ৩০ সম্মেলনে সরকারগুলো জলবায়ু অর্থায়ন নিয়ে দুই বছর মেয়াদি একটি কার্যসূচিতে সম্মত হয়েছিল। কপ৩১-এ জি৭৭ ও চীন চাইছে, আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে থাকুক প্যারিস চুক্তির ৯.১ অনুচ্ছেদ অনুযায়ী উন্নত দেশগুলোর অর্থায়নের বাধ্যবাধকতা এবং তা বাস্তবায়নের উপায়। তবে ইউরোপীয় ইউনিয়ন প্যারিস চুক্তির পুরো ৯ নম্বর অনুচ্ছেদ নিয়ে বিস্তৃত আলোচনার পক্ষে। এতে উন্নত দেশগুলোর পাশাপাশি অন্যান্য অর্থায়নকারী দেশের ভূমিকাও অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে।

এদিকে জলবায়ু অর্থায়নের সংকটের পেছনে ধনী দেশগুলোর ব্যয় অগ্রাধিকার নিয়েও প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক নাগরিক সমাজের প্রতিনিধিরা। বুধবার আনতালিয়ায় এক সংবাদ সম্মেলনে ‘গ্লোবাল ক্যাম্পেইন টু ডিমান্ড ক্লাইমেট জাস্টিস’ (ডিসিজে) জানায়, ধনী দেশগুলোর সামরিক ব্যয় বৃদ্ধি এবং জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি অব্যাহত রাখার বিপরীতে জলবায়ু তহবিলে তাদের অবদান কমে যাচ্ছে। এর ফলে বৈশ্বিক দক্ষিণের দেশগুলো প্রয়োজনীয় অর্থায়ন থেকে বঞ্চিত হচ্ছে।

সংগঠনটির গ্লোবাল নর্থ সমন্বয়ক ভিক্টর মেনোত্তি বলেন, অর্থের অভাব নয়, বরং রাজনৈতিক সদিচ্ছার ঘাটতিই জলবায়ু অর্থায়নের অন্যতম বড় বাধা। তাঁর ভাষায়, ‘আমরা জানি অর্থ রয়েছে, অর্থ পাওয়া সম্ভব; কিন্তু এখনো যার অভাব রয়েছে, তা হলো রাজনৈতিক সদিচ্ছা।’

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য সরকারের ব্যয় অগ্রাধিকারের সমালোচনা করেন ওয়ার অন ওয়ান্টের লিওন সিলি-হাগিন্স। তিনি বলেন, তাঁর সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে যেন ধীরে ধীরে নয়, বরং উন্মত্ত গতিতে এগিয়ে যাচ্ছে। তাঁর অভিযোগ, সামরিক ব্যয় বাড়ানোর প্রবণতা যুক্তরাজ্যকে আন্তর্জাতিক দায়িত্ব ও প্রতিশ্রুতি থেকে সরিয়ে নিচ্ছে। একই সঙ্গে দেশটি জলবায়ু অর্থায়নের অঙ্গীকার থেকেও পিছিয়ে পড়ছে।

জলবায়ু অর্থায়নের শর্ত নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রোজা-লুক্সেমবার্গ-স্টিফটুঙের ডেভিড উইলিয়ামস। তিনি অভিযোগ করেন, জার্মানি তার জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির ঋণ মওকুফের ঐতিহাসিক উদাহরণ তুলে ধরে তিনি বলেন, একই ধরনের অর্থনৈতিক সংকটে থাকা উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে জার্মানি সে রকম উদারতা দেখাচ্ছে না।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি ও বাস্তব সহায়তার মধ্যে বড় ব্যবধানের বিষয়টি তুলে ধরেন অ্যাকশনএইড ইউএসএর নির্বাহী পরিচালক নিরঞ্জলী অমরাসিংহে। তিনি বলেন, প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার আগেই দেশটির প্রতিশ্রুতি ও বাস্তবে অর্থ প্রদানের মধ্যে উল্লেখযোগ্য ফারাক স্পষ্ট হয়েছিল। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, একাধিক মার্কিন প্রশাসন গ্রিন ক্লাইমেট ফান্ডে ৬ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে দিয়েছে মাত্র ২ বিলিয়ন ডলার।

জলবায়ু অর্থায়নের পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ব্যবহার ও দূষণকারীদের দায়বদ্ধতার বিষয়টিও সামনে এনেছেন পরিবেশবাদী সংগঠনগুলোর প্রতিনিধিরা। অয়েল চেঞ্জ ইন্টারন্যাশনালের লরি ভ্যান ডার বার্গ ধনী দেশগুলোকে সবার আগে ও দ্রুত জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করা, এ খাতে ভর্তুকি প্রত্যাহার এবং দূষণকারীদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের আহ্বান জানান।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলা, ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করা এবং উন্নয়নশীল দেশগুলোকে অভিযোজন কার্যক্রমে সহায়তা করার জন্য সরকারি অর্থায়নের কোনো বিকল্প নেই। তাঁর ভাষায়, ‘অর্থায়ন ছাড়া জলবায়ু বিপর্যয় মোকাবিলায় প্রশমন, অভিযোজন কিংবা পুনর্বাসন—কোনোটিই সম্ভব নয়।’

কপ৩১-এর আলোচনায় জলবায়ু অর্থায়ন তাই শুধু অর্থের অঙ্ক নির্ধারণের বিষয় নয়; বরং উন্নত দেশগুলোর দীর্ঘদিনের প্রতিশ্রুতি বাস্তবায়ন, অর্থায়নের ন্যায্যতা এবং ঋণনির্ভরতার বাইরে গিয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য সহায়তা নিশ্চিত করার প্রশ্নও সামনে এসেছে। উন্নয়নশীল দেশগুলোর দাবি, জলবায়ু সংকটের দায় যাদের বেশি, অর্থায়নের দায়িত্ব পালনের ক্ষেত্রেও তাদের এগিয়ে আসতে হবে।

এইচ/এম

সম্পর্কিত খবর