জলবায়ু সংকট মোকাবিলার নামে উন্নয়নশীল দেশগুলোর ওপর নতুন করে ঋণের বোঝা
চাপানো গ্রহণযোগ্য নয় বলে দাবি জানিয়েছেন গ্লোবাল সাউথের নাগরিক সমাজের নেতারা। জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় বৈশ্বিক অর্থায়ন কাঠামোর আমূল পরিবর্তনের দাবি জানিয়ে তারা বলেছেন, সংকট তৈরিতে যেসকল দেশ ও প্রতিষ্ঠান সবচেয়ে বেশি দায়ী, তাদেরকেই সিংহভাগ আর্থিক দায়ভার বহন করতে হবে। একই সঙ্গে জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজলভ্য, পূর্বানুমানযোগ্য এবং অনুদানভিত্তিক সরকারি অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।
মঙ্গলবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন 'কপ-৩১'-এর একটি পার্শ্ব বৈঠকে বিভিন্ন দেশের সুশীল সমাজের প্রতিনিধিরা এসব কথা বলেন। ‘জলবায়ু অর্থায়নের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা: গ্লোবাল সাউথের দৃষ্টিভঙ্গি’ শীর্ষক এ ইভেন্টটি যৌথভাবে আয়োজন করে এপিএমডিডি ফিলিপাইন, কোস্ট ফাউন্ডেশন বাংলাদেশ, এলডিসি ওয়াচ নেপাল এবং ক্লাইমেট ওয়াচ থাইল্যান্ড। এলডিসি ওয়াচ নেপালের রেশমা শাক্যের সঞ্চালনায় আয়োজনে বক্তব্য দেন এপিএমডিডির অ্যালেন জন কার্পিওসহ বৈশ্বিক সুশীল সমাজের প্রতিনিধিরা।
বৈঠকে বক্তারা উল্লেখ করেন, শুধু অর্থায়নের মৌখিক প্রতিশ্রুতি দিলে চলবে না; অর্থের সুনির্দিষ্ট উৎস, সরবরাহের সময়সূচি, শর্ত ও কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে। ঘোষিত তহবিল যেন সরাসরি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর হাতে পৌঁছায়, তার ব্যবস্থা করার ওপর জোর দেওয়া হয়।
এশিয়ান পিপলস মুভমেন্ট অন ডেট অ্যান্ড ডেভেলপমেন্টের (এপিএমডিডি) সমন্বয়ক লিডি ন্যাকপিল বলেন, আন্তর্জাতিক অর্থায়ন ব্যবস্থার আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে দ্রুত ও সহজে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে অর্থ পৌঁছাতে হবে। তিনি আন্তর্জাতিক সহায়তার অপেক্ষায় না থেকে গ্লোবাল সাউথের সরকারগুলোকে নিজস্ব জাতীয় বাজেটে জলবায়ু খাতকে অগ্রাধিকার দেওয়ার তাগিদ দেন।
ক্লাইমেট ওয়াচ থাইল্যান্ডের ওয়ানুন পার্মপিবুল বলেন, 'বৈশ্বিক অভিযোজন লক্ষ্যমাত্রা'র ৫৯টি সূচক শুধু কাগজে-কলমে গ্রহণ করলেই চলবে না, বরং মানুষের বাস্তব ঝুঁকি কমছে কিনা এবং খাদ্য, পানি ও প্রতিবেশের সহনশীলতা বাড়ছে কিনা তা দেখতে হবে। পর্যাপ্ত প্রযুক্তি ও অর্থায়ন ছাড়া এটি সম্ভব নয়। এছাড়া ২০৩৫ সালের মধ্যে অভিযোজন অর্থায়ন তিন গুণ করার প্রতিশ্রুতির ভিত্তিবছর, অর্থের উৎস ও ধরন দ্রুত স্পষ্ট করার দাবি জানান তিনি।
অক্সফামের প্রতিনিধি মারিয়ানা বলেন, জলবায়ু মোকাবিলায় বৈজ্ঞানিক গবেষণার পাশাপাশি স্থানীয় ভাষা ও সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে বাস্তবমুখী সমাধান গ্রহণ করতে হবে। অন্যদিকে কোস্ট ফাউন্ডেশন বাংলাদেশের এম এ হাসান বলেন, গ্লোবাল সাউথের দেশগুলো কোনো দাতব্য সাহায্য চায় না, তারা চায় জলবায়ু ন্যায়বিচার। জলবায়ু সংকটে যাদের অবদান সবচেয়ে কম, তাদের ওপর ঋণের বোঝা চাপিয়ে ঋণদাতাদের স্বার্থ রক্ষা করার বিদ্যমান ধারা সম্পূর্ণ গ্রহণযোগ্য নয়।
প্যারিস চুক্তির ৯.১ অনুচ্ছেদ অনুযায়ী উন্নত দেশগুলোকে তাদের অর্থায়নের আইনি বাধ্যবাধকতা পূরণের আহ্বান জানান বক্তারা। পাশাপাশি বড় দূষণকারী প্রতিষ্ঠান ও দেশগুলোর ওপর ন্যায্য কর আরোপ করে ক্ষয়ক্ষতি মোকাবিলা তহবিলে অতিরিক্ত ও সহজলভ্য অনুদান বৃদ্ধির দাবি তোলা হয়।
এইচ/এম