বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ তার গতিপথে পরিবর্তন এনেছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২০ নভেম্বর দুপুরের দিকে মাচিলিপত্তনম ও পুরীর মধ্যবর্তী উপকূল দিয়ে ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশ করতে পারে। এ সময় এর বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে।
আইএমডির মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম থেকে ওড়িশার গোপালপুরের মধ্যবর্তী উপকূলের যেকোনো অংশ দিয়ে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে। এর প্রভাবে পুরী পর্যন্ত শক্তিশালী বাতাস ও উত্তাল সমুদ্রের পরিস্থিতি তৈরি হতে পারে। আবহাওয়ার কয়েকটি পূর্বাভাস মডেলে ঝড়টির গতিপথে পুনরায় পরিবর্তনের ইঙ্গিতও পাওয়া গেছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় ওড়িশার ১৪টি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। জেলাগুলো হলো—গজপতি, গঞ্জাম, পুরী, খুরদা, জগৎসিংহপুর, কেন্দ্রপাড়া, ভদ্রক, বালাসোর, নয়াগড়, কটক, যাজপুর, ঢেঙ্কানাল, কেওনঝড় ও ময়ূরভঞ্জ। এসব জেলার অধিকাংশ এলাকায় অতি ভারী বৃষ্টির আশঙ্কায় লাল সতর্কতা দেওয়া হয়েছে।
দুর্যোগ পরিস্থিতি বিবেচনায় রাজ্যের দক্ষিণাঞ্চল ও উপকূলীয় ছয় জেলার স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অন্যান্য জেলায়ও পরিস্থিতি বুঝে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নিতে জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে ঘূর্ণিঝড় মোকাবিলায় ওড়িশার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি আগামী ২২ নভেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসনগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে উপকূলীয় ও নিচু এলাকায় বসবাসকারী এবং কাঁচা বাড়িতে থাকা মানুষদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে।
এর আগে গত মাসে ঘূর্ণিঝড় ‘আর্নব’-এর পর ভারী বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে ওড়িশায় অন্তত ১০ জনের প্রাণহানি ঘটে। আগের অভিজ্ঞতা বিবেচনায় এবার ‘আকভান’-এর প্রভাবে অতিবৃষ্টির আশঙ্কায় ভূমিধসের ঝুঁকিতে থাকা এলাকার বাসিন্দাদেরও আগাম নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
এফ/ডি