২০১৬ সালের ১২ নভেম্বর বাংলাদেশ টেলিভিশনে প্রথম উপস্থাপনা শুরু করেছিলেন জনপ্রিয়
উপস্থাপক মৌসুমী মৌ। দেখতে দেখতে দেখতে উপস্থাপনার ক্যারিয়ারে এক দশক পূর্ণ করেছেন তিনি। দীর্ঘ এই সময়টিকে তিনি ‘শিক্ষার এক দশক’ হিসেবে উল্লেখ করেছেন।
নিজের ১০ বছরের যাত্রার স্মৃতিচারণা করে মৌসুমী মৌ বলেন, ‘শুরুর মৌসুমী মৌ আর এখনকার মৌয়ের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। প্রতিটি অনুষ্ঠান, প্রতিটি অতিথি, এমনকি প্রতিটি ভুল থেকেও কিছু না কিছু শিখেছি। পথটা ভীষণ কঠিন ছিল। তবে দর্শকদের ভালোবাসা আর সহকর্মীদের সহযোগিতা আমাকে এগিয়ে যাওয়ার সাহস দিয়েছে।’
শুরুর দিকে নিজের উপস্থিতি ও কথা বলা নিয়ে অতিরিক্ত সংশয় কাজ করলেও সময়ের সঙ্গে সঙ্গে তাঁর চিন্তাভাবনা ও পরিপক্বতায় বড় পরিবর্তন এসেছে। এখন কেবল কথা বলা নয়, আত্মবিশ্বাস, ধৈর্য ও দায়িত্ববোধের জায়গাটি অনেক পোক্ত হয়েছে। এত কিছুর পরও নিজেকে এখনো একজন শিক্ষার্থী মনে করেন তিনি। প্রতিদিন অতিথির সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে নতুন করে পড়াশোনা ও প্রস্তুতি নেন এবং ভুলকে শেখার বড় সুযোগ হিসেবে দেখেন। তাঁর ভাষায়, ‘প্রথম দিনের মতো আজও ক্যামেরা অন হলে একই রকম রোমাঞ্চ লাগে।’ কাজের প্রতি ভালোবাসা ও সততা তাঁর প্রথম দিনের মতোই অপরাজিত রয়েছে।
উপস্থাপনায় বৈচিত্র্য ও স্বাচ্ছন্দ্য
দশ বছরের ক্যারিয়ারে দুই হাজারের বেশি শোর উপস্থাপনা করেছেন মৌসুমী মৌ। বর্তমানে তিনি ‘সেরা রাঁধুনী’, ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’, ‘কনকা সেরা পরিবার’ ও ‘আজকের অনন্যা’-এর মতো জনপ্রিয় বিভিন্ন রিয়েলিটি শো ও অনুষ্ঠান নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
বিভিন্ন রিয়েলিটি শোর অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি জানান, প্রতিটি অনুষ্ঠানের ধরন ও উপস্থাপনা শৈলী আলাদা হওয়ায় আলাদাভাবে প্রস্তুতি নিতে হয়। ‘সেরা রাঁধুনী’ তাঁকে যেমন অনেক কিছু শিখিয়েছে, তেমনি ‘বাংলাবিদ’ অনুষ্ঠান করতে গিয়ে হয়েছে দারুণ অভিজ্ঞতা। প্রতিযোগীদের বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য চর্চা তাঁকে মুগ্ধ করেছে। বিশেষ করে বিচারক আনিসুল হক, ত্রপা মজুমদার ও তারিক মনজুরের বিশ্লেষণ ও তথ্য তাকে সমৃদ্ধ করেছে বলে জানান তিনি।
এ ছাড়া গুণী শিল্পীদের নিয়ে করা ‘স্টার নাইট’ অনুষ্ঠানটিও তাঁর ভীষণ প্রিয়। একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত শিল্পীদের সান্নিধ্য এবং তাঁদের জীবন ও কাজের গল্প শোনার অভিজ্ঞতাকে তিনি দারুণ সৌভাগ্যের মনে করেন। উপস্থাপনা প্রসঙ্গে মৌসুমী মৌ বলেন, ‘উপস্থাপনা আমার স্বাচ্ছন্দ্যের জায়গা। কাজটি এতটাই আত্মস্থ করতে পেরেছি যে এর মধ্যে নিজেকে খুঁজে পাই। বলতে পারেন, উপস্থাপনা আমার পরিচয়েরই অংশ হয়ে গেছে।’
এইচ/এম