বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর বক্স অফিসে ঝড় তোলা সিনেমার সাফল্যের পরও নতুন কাজের
ক্ষেত্রে তাড়াহুড়ো না করে পছন্দের গল্পের অপেক্ষায় থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। ‘স্ত্রী ২’-এর আকাশছোঁয়া সাফল্যের পর তাঁকে বহু সিনেমার প্রস্তাব দেওয়া হয়েছিল এবং সঙ্গে ছিল মোটা অঙ্কের পারিশ্রমিকের আশ্বাসও। তবে শুধু অর্থ বা কাজের সুযোগের পিছে না ছুটে নিজের মনের কথা শুনেছেন তিনি।
সম্প্রতি ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে নিজের ক্যারিয়ারের এই অভিজ্ঞতা তুলে ধরেন শ্রদ্ধা। সেখানে তরুণীদের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে কী পরামর্শ দেবেন—এমন এক প্রশ্নের জবাবে নিজের জীবনের উদাহরণ টানেন এই অভিনেত্রী।
শ্রদ্ধা জানান, ‘স্ত্রী ২’-এর পর তাঁকে অনেক সিনেমার প্রস্তাব দেওয়া হলেও তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, নিখুঁত একটি গল্প না পাওয়া পর্যন্ত নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হবেন না। তাঁর মন বলেছিল ধৈর্য ধরে অপেক্ষা করতে এবং তিনি সেটাই করেছেন।
অপেক্ষার সেই সময়টি সহজ ছিল না স্বীকার করে তিনি বলেন, মন থেকে কোনো কিছু চাইলে সেটার জন্য অপেক্ষা করা বেশ কঠিন হয়ে পড়ে। তবে নিজের সিদ্ধান্তে অটল থাকার সুফল এখন অনুভব করছেন জানিয়ে শ্রদ্ধা বলেন, অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়ে তিনি গর্বিত। তাই সবার প্রতি তাঁর পরামর্শ, নিজের মনের কথা শুনতে হবে; কখনো কখনো পথটা কঠিন হলেও শেষ পর্যন্ত তা সার্থক হয়।
এইচ/এম