দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা বিজয় দেবেরাকোন্ডা ও অভিনেত্রী রাশমিকা মান্দানা
দম্পতির নতুন চলচ্চিত্র ‘রণবলী’ আগামীকাল শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে। তেলুগু, তামিল, হিন্দি, মালয়ালম ও কন্নড়—এই পাঁচ ভাষায় প্রেক্ষাগৃহে আসছে ছবিটি। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে উদয়পুরে বিয়ের পর এই প্রথম বড় পর্দায় জুটি বেঁধে হাজির হচ্ছেন তারা।
ছবিটি মুক্তির আগে এক প্রচারণামূলক অনুষ্ঠানে বিজয়ের মুখে শোনা গেল স্ত্রী রাশমিকার অকৃপণ প্রশংসা। রাশমিকাকে নিজের সবচেয়ে পছন্দের সহ-অভিনেত্রী উল্লেখ করে আবেগঘন বক্তব্য দেন এই তারকা।
‘গীত গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’-এর সফলতার পর ‘রণবলী’ বিজয়-রাশমিকা জুটির তৃতীয় সিনেমা। ছবিটির ‘জয়াম্মা’ চরিত্রে রাশমিকার অভিনয় প্রসঙ্গে বিজয় বলেন, “এই চরিত্রের জন্য তোমার চেয়ে ভালো বিকল্প আর কেউ হতে পারত না। সিনেমাটিতে তুমি চমৎকার কাজ করেছ।”
স্ত্রী ও সহ-অভিনেত্রীর কাজের প্রতি নিষ্ঠার প্রশংসা করে বিজয় আরও যোগ করেন, “একসঙ্গে এটি আমাদের তৃতীয় কাজ। এই সময়ে অভিনেত্রী এবং মানুষ হিসেবে তোমার দারুণ অগ্রগতি হয়েছে। কাজের প্রতি তোমার একাগ্রতা দেখে মনে হয় যেন কোনো রোবট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তোমার এই উন্নতিতে আমি অত্যন্ত গর্বিত।”
রাশমিকার সাথে কাজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বিজয় বলেন, তার সঙ্গে কাজ করলে নিজের ঘরে থাকার মতো স্বাচ্ছন্দ্য বোধ হয়।
এসআর