মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুলের জন্মদিনে ভালোবাসায় ভাসছেন
তিনি। পরিবার, সহকর্মী ও ভক্তদের কাছ থেকে পাচ্ছেন শুভকামনা। তবে এই বিশেষ দিনে ঘটে যাওয়া একটি মজার ঘটনা এখন নেটিজেনদের বেশ নজর কেড়েছে।
ঘটনাটি ঘটেছিল জন্মদিনের প্রথম প্রহরে। রাত ১২টা বাজার পর পিয়াকে চমকে দেওয়ার উদ্দেশ্যে কেক ও উপহার নিয়ে তার বাসার সামনে হাজির হন অভিনেত্রী শবনম ফারিয়া ও তাদের কিছু বন্ধু। ভেবেছিলেন মধ্যরাতের এই সারপ্রাইজে বেশ আনন্দিত হবেন বন্ধু পিয়া।
কিন্তু বাস্তবে ঘটে বিপরীত এক অভিজ্ঞতা। দরজায় নক করেও কারও কোনো সাড়া মেলেনি। কারণ ততক্ষণে পুরো বাসার সবাইকে নিয়ে বেশ ঘুমিয়ে পড়েছেন পিয়া!
অগত্যা বাসার দরজার সামনেই একটি ভিডিও রেকর্ড করেন ফারিয়া। সেখানে হাসিমুখেই তিনি বলেন, "এটা পিয়া জান্নাতুলের বাসা। প্রায় আধা ঘণ্টা ধরে দরজায় কড়া নাড়ছি, কিন্তু যার জন্মদিন, সে নিজেই তো ঘুমিয়ে কাদা! হ্যাপি বার্থডে পিয়া, সকালে উঠে ভিডিওটি দেখে নিও।"
পরদিন সকাল সাড়ে ৯টার দিকে ফারিয়ার সেই ভিডিওর নিচে কমেন্ট করে দুঃখ প্রকাশ ও ধন্যবাদ জানান পিয়া। তিনি লেখেন, "তোমরা তো জানো আমি খুব দ্রুত ঘুমিয়ে পড়ি। অন্তত রাত ১০টার দিকেও যদি একটু জানাতে যে আসছ! পুরো বাসা আসলে ঘুমিয়ে পড়েছিল। তাই সরি এবং অনেক ধন্যবাদ।"
ভিডিও ছাড়াও পরবর্তীতে সমাজমাধ্যমে পিয়ার সঙ্গে তোলা কয়েকটি ছবি শেয়ার করে আবেগঘন বার্তা দেন শবনম ফারিয়া। পরিপক্ক বয়সের বন্ধুত্বের গুরুত্ব তুলে ধরে তিনি লেখেন, "প্রতিটি মানুষের জীবনে অন্তত একজন বন্ধু থাকা উচিত, যে কঠিন সময়ে সত্যিকারের নির্দেশনা বা ‘রিয়ালিটি চেক’ দিতে পারে। ৩০ বছর পার হওয়ার পর আমাদের এই বন্ধুত্ব গড়ে ওঠে। এই বয়সে এসে বন্ধুত্ব কেবল বোন, অভিভাবক কিংবা সবচেয়ে ভরসার পরামর্শদাতার মতো রূপ নেয়।"
এসআর