নতুন কোনো সিনেমার শুটিং কিংবা অভিনয়ে নিয়মিত না থাকলেও সামাজিক
যোগাযোগমাধ্যমে বেশ সরব রয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। নিয়মিত নতুন নতুন ফটোশুটের ছবি শেয়ার করার পাশাপাশি প্রায়ই ভক্তদের উদ্দেশ্যে বিভিন্ন গভীর ও তাৎপর্যপূর্ণ বার্তা দিয়ে থাকেন তিনি।
গত সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রায় এক ডজন নতুন ছবি পোস্ট করেন পূজা। প্রকাশিত ছবিগুলোতে নীল রঙের কুর্তি ও সাদা প্যান্টে বেশ স্নিগ্ধ লুকে ধরা দেন এই অভিনেত্রী। কোনো এক ভবনের ছাদবারান্দায় রাতের মৃদু আলোয় ছবিগুলো ধারণ করা হয়েছিল। ছবিগুলোর ক্যাপশনে তিনি একটি বিশেষ বার্তা জুড়ে দেন।
পোস্টে পূজা চেরি লেখেন, “সিংহ কখনো দল বেঁধে চলে না, দল বেঁধে চলে ভেড়ারা। যদি হঠাৎ দেখেন, আপনার পরিচিত মানুষের সংখ্যা কমে যাচ্ছে, আর যেখানে একসময় হাসি-আড্ডা আর মানুষের ভিড় ছিল, সেখানে হঠাৎ এখন আপনি একা, তবে ভয় পেয়েন না। এর মানে, আপনি আর ১০ জনের ভিড় থেকে বেরিয়ে নিজের সাম্রাজ্যের পথে এগিয়ে যাচ্ছেন।”
পূজার এই ব্যতিক্রমী ক্যাপশন ও নতুন লুক বেশ প্রশংসা কুড়িয়েছে তাঁর অনুসারীদের মাঝে। কমেন্ট বক্সে একজন ভক্ত লিখেছেন, “আজ তোমাকে অনেক দারুণ লাগছে।” অন্য একজন মন্তব্য করেন, “আপনার এই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ। খুব ভালো লাগল।” এছাড়া সামনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক ভক্ত আগাম আবদার করে লেখেন, “আপু, পূজার ছবি দিয়েন। একেক দিন একেক ড্রেস পরে, সামনে পূজা, আপনার পূজা ভালো কাটুক।”
উল্লেখ্য, চিত্রনায়িকা পূজাকে সর্বশেষ বড় পর্দায় দেখা গিয়েছিল কুরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত ‘মাসুদ রানা’ সিনেমায়। সৈকত নাসির পরিচালিত এই সিনেমাটির শুটিং অবশ্য অনেক আগেই সম্পন্ন হয়েছিল। তবে গত কয়েক মাসে নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার খবর জানাননি তিনি। বরং বিগত কিছু দিনে ব্যক্তিগত জীবন, সম্পর্ক এবং বিয়ের গুঞ্জন নিয়ে বেশ চর্চায় ছিলেন এই তারকা।
এসআর