[email protected] বৃহঃস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩

‘আজাইরা আলাপে ব্যস্ত রেখে কেউ কলকাঠি নাড়ছে’: ফারুকী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬ ১১:৪৮ এএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ শিল্পকলা একাডেমির দেওয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের পাশাপাশি আরও দুজনের

 প্রতিকৃতি যুক্ত করার ঘটনাকে অস্বাভাবিক উল্লেখ করে ক্ষোভ ও প্রশ্ন প্রকাশ করেছেন সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এর নেপথ্যে কারা যুক্ত রয়েছেন তা সরকারের গোয়েন্দা সংস্থাগুলোকে খুঁজে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।

​নিজের ফেসবুক স্ট্যাটাসে ফারুকী উল্লেখ করেন, সাধারণ মানুষকে অপ্রাসঙ্গিক ও অদরকারি আলোচনায় ব্যস্ত রেখে আড়ালে একটি পক্ষ নিজেদের স্বার্থে কলকাঠি নাড়ছে। গত কয়েক সপ্তাহে প্রাক্তন সেনা কর্মকর্তাসহ সীমান্ত ও দেশের ভেতরের বেশ কয়েকটি গ্রেফতারের ঘটনা বিশ্লেষণ করলে অনেক বিষয় অনুমান করা যায়। রবীন্দ্রনাথকে বাংলাদেশে সরকারিভাবেই স্মরণ করা হয়, তবে শিল্পকলার দেওয়ালে রবীন্দ্রনাথ ছাড়া অন্য দুজন ব্যক্তির ছবি হঠাৎ যুক্ত করা স্বাভাবিক কোনো ঘটনা নয়। কে বা কারা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে দিয়ে এই অপ্রয়োজনীয় কাজটি করিয়েছে, তার মূল উদ্দেশ্য এবং চক্রান্ত খতিয়ে দেখা উচিত।

​ফারুকী আরও জানান, মূল বিষয় থেকে ফোকাস সরিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এসব চাল চালা হচ্ছে। দেশের বর্তমান মূল লক্ষ্য হওয়া উচিত বাংলাদেশ পুনর্গঠন এবং কীভাবে ফ্যাসিবাদী শক্তির ধ্বংসস্তূপ থেকে বের হয়ে আসা যায় তা নিয়ে আলোচনা করা।

​প্রসঙ্গত, এর আগে শিল্পকলার দেওয়ালে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ, আখতারুজ্জামান ইলিয়াস ও হাসান আজিজুল হকের ছবি না রেখে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও সত্যজিৎ রায়ের প্রতিকৃতি আঁকা নিয়ে সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেন কবি ও চিত্রকর ব্রাত্য রাইসু।

এসআর

সম্পর্কিত খবর