[email protected] রবিবার, ৪ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩

মুক্তির আগেই ৩০০ কোটিতে বিক্রি বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর থিয়েট্রিক্যাল স্বত্ব

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬ ৯:৩০ পিএম

সংগৃহীত ছবি

রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল অভিনীত সঞ্জয় লীলা বানসালির বহুল প্রতীক্ষিত

 সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ প্রেক্ষাগৃহে মুক্তির আগেই একটি বড় অঙ্কের চুক্তি সম্পন্ন করেছে। সিনেমাটির বিশ্বব্যাপী থিয়েট্রিক্যাল প্রদর্শনী স্বত্ব ৩০০ কোটি রুপিতে কিনে নিয়েছে পেন মারুধর। ২০২৭ সালের ২১ জানুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

​প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির থিয়েট্রিক্যাল স্বত্ব কেনার দৌড়ে ধর্মা প্রোডাকশন্স, জিও স্টুডিওস এবং পরিবেশক অনিল থাডানিসহ বেশ কয়েকটি প্রভাবশালী প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছিল। তবে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর পেন মারুধর ৩০০ কোটি রুপিতে এই চুক্তিটি নিজেদের করে নেয়। বলিউড হাঙ্গামার সূত্রমতে, বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে এই চুক্তিটি পরিচালক বানসালি ও সিনেমার অন্য অংশীদারদের জন্য একটি বড় সাফল্য।

​বিশাল তারকাবহুল এই প্রজেক্ট নিয়ে বিশ্বজুড়ে সিনেমা প্রেমীদের প্রবল আগ্রহ রয়েছে। ২০০৭ সালে ‘সাওয়ারিয়া’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখার দীর্ঘ দুই দশক পর এই ছবির মাধ্যমে আবারও বানসালির পরিচালনায় ফিরছেন রণবীর কাপুর। পরিবেশক প্রতিষ্ঠান পেন মারুধরও আশা করছে, প্রেক্ষাগৃহ থেকে ভালো ব্যবসার মাধ্যমেই তারা এই বিশাল অঙ্কের বিনিয়োগ তুলে আনতে সক্ষম হবে।

​সম্প্রতি প্রকাশ পাওয়া ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম পোস্টার সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। আগামী দীপাবলিতে সিনেমাটির প্রথম টিজার প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে। একই সময়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া ‘রামায়ণ’ সিনেমার সাথেই এই টিজারটি যুক্ত করার বড় ধরনের সম্ভাবনা রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর