টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জন নিয়ে নেটপাড়ায় এখন জোর চর্চা চলছে। এতদিন
নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখলেও সম্প্রতি কলকাতার এক বাসিন্দার সঙ্গে তার প্রেমের সম্পর্কের খবর প্রকাশ্যে এসেছে। পাত্রকে নিয়ে সামাজিক মাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছিল; অনেকেই তাকে ভারতীয় নৌসেনার কর্মকর্তা মনে করেছিলেন। তবে জানা গেছে, তিনি নৌসেনার জওয়ান বা অফিসার নন, বরং পেশায় একজন আন্তর্জাতিক স্তরের সফল মেরিন ইঞ্জিনিয়ার। তার নাম সিদ্ধার্থ।
সিদ্ধার্থ 'কলকাতা বয়েজ স্কুল' থেকে পড়াশোনা শেষ করে নৌ-প্রকৌশল (মেরিন ইঞ্জিনিয়ারিং) নিয়ে শিক্ষা গ্রহণ করেন এবং মার্চেন্ট নেভি ক্যারিয়ার শুরু করেন। ২০০৮ সালের মার্চ থেকে তিনি যুক্তরাজ্যভিত্তিক নামজাদা শিপিং সংস্থা 'Shell Ship Management Limited'-এ কাজ করছেন। শিক্ষানবিস হিসেবে যোগ দিয়ে দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে তিনি বর্তমানে এই বহুজাতিক প্রতিষ্ঠানের সিনিয়র মেরিন ইঞ্জিনিয়ার পদে কর্মরত আছেন।
মিমি ও সিদ্ধার্থের বিয়ের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়ে গেছে। পারিবারিক সূত্র অনুযায়ী, আগামী নভেম্বর মাসে তাদের আইনি রেজিস্ট্রি অনুষ্ঠিত হবে। এরপর ডিসেম্বর মাসে পাহাড়ি শহর কালিম্পংয়ে তাদের জমকালো 'ডেস্টিনেশন ওয়েডিং' আয়োজিত হওয়ার কথা রয়েছে।
বিনোদন জগতের বাইরে থাকলেও টালিপাড়ার কয়েকটি বন্ধু মহলে সিদ্ধার্থের যাতায়াত ছিল। গত বছরের দুর্গাপূজার আড্ডাতেও মিমির পাশাপাশি সিদ্ধার্থকে দেখা গিয়েছিল। গোপনে প্রেমের সম্পর্ক বজায় রাখলেও সম্প্রতি বিষয়টি সামনে আসে। তবে সামাজিক মাধ্যমে গোপনীয়তা রক্ষা করতে মিমি এখনো নিজের ভ্যারিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সিদ্ধার্থকে ফলো করেন না।
এসআর