ইতালির ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক
বাঁধন ও তাঁর পরিবারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর ক্ষোভ ও লজ্জা প্রকাশ করেছেন অভিনেত্রী সাফা কবির। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সাফা কবির উল্লেখ করেন, দেশের বাইরে মাতৃভূমি ও নিজ চলচ্চিত্রকে প্রতিনিধিত্ব করতে যাওয়া একজন শিল্পী সম্মান ও নিরাপত্তার দাবিদার, কখনোই অপমান বা আতঙ্কের নয়। শিল্পীদের বারবার রাজনীতির নোংরা টানাপোড়েনে জড়িয়ে হেনস্তা করার মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, শিল্পী সর্বদা সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলবেন—এটাই তাঁর স্বাধীনতা। কিছু মানুষের উগ্র ও অসভ্য আচরণের কারণে আন্তর্জাতিক অঙ্গনে পুরো বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, যা সাধারণ নাগরিকদের ভিসা লাভ ও সম্মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এ ঘটনাটি যেন অন্যান্য সাধারণ সংবাদের মতো ধামাচাপা না পড়ে, সে বিষয়ে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, গত সোমবার রাতে ভেনিসের মেস্ত্রে এলাকায় বাঁধন তাঁর ভাই ও ছোট সন্তানকে নিয়ে অবস্থানকালে হামলার শিকার হন। নিজেদের ‘ভেনিস ছাত্রলীগ’ ও ‘বঙ্গবন্ধুর সৈনিক’ পরিচয় দিয়ে একদল লোক তাঁকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে গালিগালাজ, শারীরিক লাঞ্ছনা ও গায়ে পানি ছুঁড়ে মারে। বাঁধন ফেসবুক লাইভে এসে জানান, তাঁকে মারধর করে মোবাইল ফোন ফেলে দেওয়া হয়েছে। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজপথে সক্রিয় ভূমিকা রাখার কারণেই তাঁর ওপর এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে এ ঘটনায় স্থানীয় ভেনিস থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এসআর