[email protected] বুধবার, ২১ অক্টোবর ২০২৬
৬ কার্তিক ১৪৩৩

ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমা নিয়ে যাচ্ছেন সুনেরাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৬ ৯:৪০ পিএম

সংগৃহীত ছবি

অভিনয়ে অভিষেকের পর থেকেই নিজের অভিনয়গুণে আলাদা পরিচিতি তৈরি করেছেন সুনেরাহ বিনতে কামাল।

এবার দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যাচ্ছেন তিনি।

 

রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ উৎসবটির প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো চলচ্চিত্র ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে। সিনেমাটির দলের সঙ্গে উৎসবে উপস্থিত থাকবেন সুনেরাহও।

 

ভেনিসে যাওয়ার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে অভিনেত্রী জানান, এটি তার জন্য যেমন আনন্দের, তেমনি দেশের চলচ্চিত্রের জন্যও বড় একটি সুখবর। সিনেমাটির পুরো দলের এই অর্জনে তিনি গর্বিত বলেও জানান।

 

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নিয়ে আশাবাদী সুনেরাহ। তার মতে, সিনেমাটিতে ভালো একটি কাজ হয়েছে এবং শুটিংয়ের অভিজ্ঞতাও ছিল চমৎকার। এ ক্ষেত্রে পরিচালক রুবাইয়াত হোসেনসহ পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

 

ভেনিস সফরকে শুধু পুরস্কার বা স্বীকৃতির জায়গা হিসেবে দেখছেন না সুনেরাহ। বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতা, অভিনয়শিল্পী ও চলচ্চিত্রকর্মীদের কাছ থেকে শেখার সুযোগ হিসেবেও এই উৎসবকে দেখছেন তিনি। আন্তর্জাতিক অঙ্গনের চলচ্চিত্র সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ তার ভবিষ্যৎ কাজের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি করতে পারে বলে মনে করেন অভিনেত্রী।

 

রুবাইয়াত হোসেনের সঙ্গে কাজের অভিজ্ঞতাও ইতিবাচক বলে জানিয়েছেন সুনেরাহ। শুটিং শেষ হওয়ার পরও পরিচালক নিয়মিত তার সঙ্গে যোগাযোগ রেখেছেন। এমনকি প্রতি সপ্তাহে তাদের মধ্যে কথা হয়েছে বলেও জানান তিনি। পরিচালকের এই আন্তরিকতাও তার কাছে ভালো লেগেছে।

 

সুনেরাহ মনে করেন, একটি ভালো চলচ্চিত্রের জন্য শক্তিশালী গল্প, দক্ষ নির্মাতা, ভালো অভিনয় এবং যোগ্য একটি টিম—সবকিছুর সমন্বয় প্রয়োজন। ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এ এসব উপাদানের সমন্বয় রয়েছে বলেও তার প্রত্যাশা।

 

এর আগে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে সুনেরাহর। ‘মশারি’ সিনেমা নিয়ে দক্ষিণ কোরিয়ার একটি আন্তর্জাতিক উৎসবেও অংশ নিয়েছিলেন তিনি। তবে ভেনিসের প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের সিনেমার প্রতিনিধিত্ব করার সুযোগকে নিজের ক্যারিয়ারের অন্যতম উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখছেন এই অভিনেত্রী।

 

ভবিষ্যতে নিয়মিত চলচ্চিত্রে কাজ করতে চান সুনেরাহ। তবে বেশি সিনেমায় অভিনয়ের চেয়ে মানসম্মত কাজকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন তিনি। নতুন সিনেমার প্রস্তাব পেলেও কেবল প্রস্তাব পাওয়ার ভিত্তিতে কাজ করছেন না; গল্প ও চরিত্র পছন্দ হলেই নতুন প্রকল্পে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেবেন।

 

চলচ্চিত্রের পাশাপাশি ছোট পর্দাতেও কাজ করছেন সুনেরাহ। বর্তমানে কয়েকটি নাটকের কাজে ব্যস্ত রয়েছেন তিনি। ভেনিস চলচ্চিত্র উৎসবের আয়োজন শেষ করে দেশে ফিরে আবার নাটকের কাজে মন দেবেন বলে জানা গেছে।

 

সম্প্রতি শেষ হয়েছে তার অভিনীত ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। এতে সায়রা চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন তিনি। চরিত্রটি এতটাই পরিচিতি পেয়েছে যে, অনেক দর্শক এখন তাকে বাস্তব জীবনেও ‘সায়রা’ নামে সম্বোধন করেন।

 

এ নিয়ে সুনেরাহ জানান, নাটকটির মাধ্যমে তিনি দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছেন। বিভিন্ন জায়গায় ‘সায়রা’ নামে ডাক পাওয়াকে অভিনয়ের স্বীকৃতি হিসেবেই দেখছেন তিনি।

 

একদিকে ছোট পর্দায় জনপ্রিয়তা, অন্যদিকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেশের সিনেমাকে প্রতিনিধিত্ব করার সুযোগ—সব মিলিয়ে ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ একটি সময় পার করছেন সুনেরাহ বিনতে কামাল। ভেনিসে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর অংশগ্রহণ তার ক্যারিয়ারে নতুন সম্ভাবনার সূচনা করে কি না, এখন সেটিই দেখার বিষয়।

এসআর

সম্পর্কিত খবর