চার বছর আগে নিজের বনানীর বাসায় র্যাবের অভিযান ও গ্রেপ্তার হওয়ার ঘটনা নিয়ে সামাজিক
যোগাযোগ মাধ্যমে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সম্প্রতি একটি অনলাইন টকশোতে র্যাবের সাবেক এক কর্মকর্তার দেওয়া বক্তব্যের সূত্র ধরে তিনি দাবি করেছেন, ২০২১ সালের ৪ আগস্ট তাকে সম্পূর্ণ বেআইনিভাবে এবং একটি বিশেষ মহলের স্বার্থে গ্রেপ্তার করা হয়েছিল। এর ফলে তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে পরীমণি র্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলামকে ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন, দেরিতে হলেও ওই কর্মকর্তা সত্য স্বীকার করেছেন যে—তৎকালীন র্যাব প্রধান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নির্দেশেই সেদিন বনানীর বাসায় অভিযান ও নাটকীয়তার পর তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল।
পরীমণি তার পোস্টে জানান, সেই ঘটনার পর মিথ্যা ও বানোয়াট মামলায় তাকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয় এবং টানা ২০ দিন কারাগারে রাখা হয়। ওই সময়ের তিক্ত অভিজ্ঞতা তার জীবনকে কতটা বিপর্যস্ত করেছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। তবে দেরিতে হলেও সত্যের জয় হয় উল্লেখ করে তিনি বলেন, "সময় লাগতে পারে, কিন্তু সত্যকে চিরদিন চাপা রাখা যায় না।"
দীর্ঘদিন ধরে এই ঘটনার কারণে ভুক্তভোগী হিসেবে জীবন কাটাচ্ছেন জানিয়ে এই অভিনেত্রী লেখেন, যেভাবে তার সম্মান ও চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, তা দেশের ইতিহাসে একটি বেদনাদায়ক অধ্যায়। রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বাহিনীকে ব্যবহার করে একজন নারী শিল্পীর জীবন বিপর্যস্ত করার এই ঘটনার পুনরাবৃত্তি যেন আর কারও সাথে না হয়, সেই আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রাষ্ট্রের প্রতি প্রশ্ন রেখে পরীমণি বলেন, হয়তো আদালত তাকে এই সাজানো মামলা থেকে অব্যাহতি দেবেন, কিন্তু যে মানসিক শান্তি, সম্মান ও সময় তিনি হারিয়েছেন, তা কি আর কখনো ফিরে পাওয়া সম্ভব? মানুষের মনে তাকে নিয়ে যে বিভ্রান্তিকর ধারণা তৈরি করা হয়েছে, রাষ্ট্র কি তার দায় নেবে?
তবে অতীতের ক্ষোভ বা প্রতিশোধের চেয়ে সত্য, ন্যায়বিচার ও মানবিকতার পক্ষে কথা বলতে চান পরীমণি। কঠিন সময়ে যারা তার পাশে ছিলেন—তার পরিবার, সহকর্মী, বন্ধু, সাংবাদিক ও ভক্তদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। অতীতের ক্ষত ভুলে সন্তান, পরিবার এবং নিজের কাজ নিয়ে দর্শকদের ভালোবাসায় বাকি জীবন বাঁচতে চান এই চিত্রনায়িকা।
উল্লেখ্য, ২০২১ সালের ৪ আগস্ট বনানীর বাসা থেকে পরীমণিকে গ্রেপ্তার করে র্যাব এবং পরবর্তীতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। এছাড়া ঢাকা বোট ক্লাবের ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া আরও দুটি মামলা বর্তমানে বিচারাধীন।
এসআর