রোমান্টিক ঘরানার নতুন গান ‘বসন্তের কোকিল’ নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সিঁথি সাহা।
প্রকাশের পর থেকেই গানটি দর্শক-শ্রোতাদের ইতিবাচক সাড়া পাচ্ছে। মুক্তির প্রথম ২৪ ঘণ্টার মধ্যেই গানটির ভিউ ৮১ হাজার ছাড়িয়েছে।
অনুপম মিউজিকের ব্যানারে প্রকাশিত এ গানের মিউজিক ভিডিওতে নৃত্য ও গ্ল্যামারাস উপস্থিতির মাধ্যমে নজর কেড়েছেন অলংকার চৌধুরী। তার সঙ্গে অভিনয় করেছেন শিফাত আমিন শুভ। আকর্ষণীয় চিত্রায়ণ ও প্রাণবন্ত পরিবেশনার কারণে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনায় এসেছে।
গানটির কথা লিখেছেন রণক রায়হান। সুর ও সংগীত পরিচালনা করেছেন আকাশ সেন। এর আগে ‘দুষ্টু কোকিল’, ‘প্রিয়তমা’ এবং ‘মায়া মায়া লাগে’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গানের মাধ্যমে তিনি শ্রোতাদের প্রশংসা অর্জন করেছেন।
নতুন গান প্রসঙ্গে সিঁথি সাহা বলেন, এই গানের সুর, কথা ও সংগীতায়োজন তার কাছে খুবই উপভোগ্য মনে হয়েছে। মিউজিক ভিডিওটিও আনন্দময় আবহে নির্মিত হওয়ায় দর্শকদের ভালো লাগবে বলে তিনি বিশ্বাস করেন। প্রকাশের পর পাওয়া ইতিবাচক প্রতিক্রিয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশা করেন, গানটি দীর্ঘ সময় শ্রোতাদের পছন্দের তালিকায় থাকবে।
গানটির মিউজিক ভিডিও পরিচালনা, চিত্রগ্রহণ ও সম্পাদনার দায়িত্বে ছিলেন চন্দন রায় চৌধুরী। উৎসবের আবহ, নাচ এবং ভালোবাসার গল্পকে কেন্দ্র করে নির্মিত ভিডিওটি ইতোমধ্যে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।
অনুপম মিউজিকের কর্ণধার আনোয়ার হোসেন বলেন, মৌলিক বাংলা গানের সংখ্যা কমে যাওয়ার বাস্তবতায় তারা নিয়মিত নতুন গান ও মানসম্মত মিউজিক ভিডিও প্রকাশের উদ্যোগ নিয়েছেন। ‘বসন্তের কোকিল’ সেই ধারাবাহিক প্রচেষ্টারই একটি অংশ।
এসআর