রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা তমা মির্জা। এই জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে
অপরাধীদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে বৃহস্পতিবার (২১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেন তিনি। সেখানে অভিনেত্রী স্পষ্ট ভাষায় লেখেন, 'ধর্ষণকারীর বিচার হবে ধর্ষণের শিকার যে, তার জানাজার আগে।
এমন বিচার হবে যে, এসব নিকৃষ্ট অসুস্থ মস্তিষ্কের অপরাধীরা অপরাধ করার চিন্তা স্বপ্নেও ভাবতে পারবে না।' পোস্টে ধর্ষণকারীদের পক্ষে আইনজীবীদের দাঁড়ানো ও বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত করা নিয়েও তীব্র আপত্তি জানিয়ে তিনি প্রশ্ন তোলেন— ‘কিসের তদন্ত? কিসের ব্যাখ্যা? ধর্ষণকারীর পক্ষে আবার কিসের উকিল? কিসের সময়ক্ষেপণ?’ নিহত শিশু রামিসাকে নিজের বোনের সঙ্গে তুলনা করে এবং এই অন্যায়ের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তমা মির্জা লেখেন, ‘রামিসা আমার বোন, আপনার বোন।
আমাদের বোনের নৃশংস হত্যাকারীর বিচার চাই।’ উল্লেখ্য, শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত আসামি সোহেল রানা ইতোমধ্যে আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে, যেখানে সে উল্লেখ করেছে যে নৃশংস এই হত্যাকাণ্ড ঘটানোর আগে সে ইয়াবা সেবন করেছিল।
এসআর