[email protected] সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী ল’ ফেস্টের পর্দা নামল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬ ৬:১০ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ ইউনিভার্সিটির আইন বিভাগের আয়োজনে তিন দিনব্যাপী ‘ল’ ফেস্ট-২০২৬’ এবং বিভাগের ৫৪তম ব্যাচের বিদায় অনুষ্ঠান শেষ হয়েছে।

নানা একাডেমিক ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে গত রোববার (২২ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবের সমাপ্তি ঘটে। আয়োজনে আইন বিভাগের প্রায় ৫০০ শিক্ষার্থী অংশ নেন।

তিন দিনের এ আয়োজনে শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা বিকাশে গুরুত্ব দেওয়া হয়। এতে গবেষণাপত্র উপস্থাপন, মুট কোর্ট, আইনি যুক্তি প্রদর্শন, বিভিন্ন প্রতিযোগিতা, ক্যারিয়ারবিষয়ক কার্যক্রম এবং সাংস্কৃতিক পরিবেশনা স্থান পায়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুল হক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, এবারের আয়োজনে বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ আইন বিভাগের জন্য ইতিবাচক দিক।

আইন বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনের পাশাপাশি একজন ভবিষ্যৎ আইনজীবীর আদালতে বক্তব্য উপস্থাপন, আইনি দলিল প্রস্তুত, যুক্তি বিশ্লেষণ এবং যোগাযোগের দক্ষতা থাকা জরুরি। এসব ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রস্তুত করে তুলতে এ ধরনের আয়োজন কার্যকর ভূমিকা রাখে। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটির আইন বিভাগকে দক্ষিণ এশিয়ার অন্যতম মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ পেশায় দক্ষতার পাশাপাশি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতা বজায় রাখা অপরিহার্য। আদালতে আইনজীবীদের যুক্তি বিভিন্ন প্রশ্ন ও বিশ্লেষণের মধ্য দিয়ে যাচাই হয়। তাই পেশাগত জীবনে সফল হতে শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, আইন পেশাকে কেবল উপার্জনের ক্ষেত্র হিসেবে দেখলে চলবে না।

মানুষের অধিকার রক্ষা, নৈতিকতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার দায়বদ্ধতাও এ পেশার অবিচ্ছেদ্য অংশ। কর্মক্ষেত্রে নানা প্রতিকূলতা এলেও নৈতিক অবস্থান থেকে সরে না গিয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

রাজধানীর নগর ব্যবস্থাপনা প্রসঙ্গে প্রশাসক বলেন, ঢাকা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত থেকে অবৈধ হকার সরানোর কার্যক্রম শুরু হয়েছে।

ইতোমধ্যে মিরপুর-১০ ও মিরপুর-১-সহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। পর্যায়ক্রমে মোহাম্মদপুরসহ অন্যান্য এলাকাতেও এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, হকারমুক্ত ফুটপাত ও সড়কের পাশে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে এ কর্মসূচির আওতায় রাজধানীতে ইতোমধ্যে বিভিন্ন প্রজাতির প্রায় এক লাখ গাছ লাগানো হয়েছে। পরিবেশ উন্নয়নে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

ঢাকাকে সন্ত্রাস ও মাদকমুক্ত নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি এ উদ্যোগে শিক্ষার্থীসহ নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

বিশেষ অতিথি মো. কামরুজ্জামান জুয়েল বলেন, আইন পেশার সঙ্গে মানুষের অধিকার ও ন্যায়বিচারের বিষয়টি সরাসরি জড়িত। এ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে হলে অধ্যবসায়, সততা ও নৈতিকতার চর্চা করতে হবে।

পেশাগত অর্জনের পাশাপাশি ব্যক্তিগত চরিত্র ও মূল্যবোধ অটুট রাখার ওপরও তিনি গুরুত্ব দেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা ও পেশাগত প্রস্তুতির জন্য ল’ ফেস্টের মতো আয়োজন গুরুত্বপূর্ণ।

আইন বিভাগের শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় তিনি সবাইকে অভিনন্দন জানান।

তিনি বলেন, আইনের শিক্ষার্থীদের এমনভাবে প্রস্তুত হতে হবে, যাতে তারা ভবিষ্যতে আইন প্রয়োগ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে পারেন। এ লক্ষ্যে শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান ও পেশাগত দক্ষতা বাড়ানোর সুযোগ তৈরিতে বিশ্ববিদ্যালয় কাজ করছে।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন আইন বিভাগের চেয়ারম্যান কাজী লতিফুর রেজা। তিনি জানান, প্রায় চার মাসের প্রস্তুতি ও পরিকল্পনার পর শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় এবারের ল’ ফেস্ট আয়োজন করা হয়েছে।

একাডেমিক কার্যক্রমের পাশাপাশি গবেষণা, মুট কোর্ট, আইনি যুক্তি উপস্থাপন, ক্যারিয়ার মেলা, প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য শেখার বহুমাত্রিক পরিবেশ তৈরি করা হয়েছে।

অনুষ্ঠানের একপর্যায়ে আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। পরে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করে জনপ্রিয় ব্যান্ডদল ‘শিরোনামহীন’। ব্যান্ডটির পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

উল্লেখ্য, গত ২০ নভেম্বর শুরু হওয়া তিন দিনের এ আয়োজনে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের বাইরেও গবেষণা, আইনি বিতর্ক, ব্যবহারিক অনুশীলন ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ পান।

আয়োজকদের মতে, এ অভিজ্ঞতা তাদের ভবিষ্যৎ পেশাগত জীবনের প্রস্তুতিতে সহায়ক হবে।

এ/এইচ/টি

সম্পর্কিত খবর