[email protected] রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

ককটেল আতঙ্কে ঢাবিতে মোটরসাইকেলে স্টিকার বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬ ৪:০৬ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সাম্প্রতিক সময়ে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০ নভেম্বর থেকে প্রক্টর অফিসের নির্ধারিত নিরাপত্তা স্টিকার ছাড়া কোনো মোটরসাইকেল ক্যাম্পাসে প্রবেশ বা চলাচল করতে পারবে না। পাশাপাশি নিরাপত্তার প্রয়োজনে ক্যাম্পাসে প্রবেশকারী ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে প্রকাশিত দুটি জরুরি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বাইরে অন্যদের যানবাহন প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

 

তবে নির্ধারিত শর্তসাপেক্ষে কিছু যানবাহন ক্যাম্পাসে প্রবেশের সুযোগ পাবে। এর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান, সাংবাদিকদের গাড়ি, রাইড শেয়ারিংয়ের যানবাহন, খাবার সরবরাহকারী এবং অনলাইন শপিংয়ের ডেলিভারি বাহন। এ ছাড়া সরকারি যানবাহনও প্রবেশ করতে পারবে।

 

প্রক্টর অফিস জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে প্রবেশকারী যেকোনো ব্যক্তি ও যানবাহন তল্লাশি করতে পারবে।

 

অন্যদিকে, মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থী এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যারা মোটরসাইকেল ব্যবহার করেন, তাদের নিরাপত্তা স্টিকার সংগ্রহ করতে হবে।

 

স্টিকার পাওয়ার জন্য আগামী ১৯ নভেম্বরের মধ্যে প্রক্টর অফিসে সুপারিশসহ আবেদন জমা দিতে হবে। আবেদনের সঙ্গে মোটরসাইকেলের মালিকানার কাগজপত্র, বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে বলা হয়েছে।

 

প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, ২০ নভেম্বর থেকে নির্ধারিত স্টিকারবিহীন কোনো মোটরসাইকেল ক্যাম্পাসে চলাচল করতে পারবে না।

 

ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এসব সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস।

এফ/ডি

সম্পর্কিত খবর