শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়সংলগ্ন পর্যটনকেন্দ্র গজনী অবকাশ
এলাকার একটি পাহাড়ে অস্ত্রের মুখে জিম্মি করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আট শিক্ষার্থীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, সকালে গজনী পর্যটনকেন্দ্রে ভ্রমণের একপর্যায়ে তাঁরা পাহাড়ের একটি টিলায় ওঠেন। এ সময় একদল দুর্বৃত্ত অস্ত্রের ভয় দেখিয়ে তাঁদের জিম্মি করে এবং মারধর করে। পরে তাঁদের কাছ থেকে মোবাইল ফোন, মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী রিমন রায়হান জানান, বিশ্ববিদ্যালয় থেকে ৭৩ জন শিক্ষার্থী মিলে আজ সকালে অবকাশ কেন্দ্রে পৌঁছান। গাড়ি থেকে নামার পর তাঁরা কয়েকটি ছোট দলে বিভক্ত হয়ে আশপাশের পাহাড়ে ঘুরতে যান। এর মধ্যে তাঁদের আট সদস্যের একটি দল অবকাশ কেন্দ্রের একটি পাহাড়ে উঠলে পিস্তল ও দেশীয় ধারালো অস্ত্র হাতে কয়েকজন দুর্বৃত্ত তাঁদের আটকে বেঁধে ফেলে। এরপর তাঁদের কাছে থাকা মোবাইল ফোন, মানিব্যাগ ও টাকাপয়সা লুট করে নিয়ে যায়। পরে তাঁরা অবকাশ কেন্দ্রে ফিরে স্থানীয়দের সহযোগিতায় অন্য দলগুলোর সঙ্গে যুক্ত হন।
গজনী অবকাশ পর্যটনকেন্দ্রের কেয়ারটেকার ক্লেমেন রাখসাম বলেন, পিকনিকে আসা ওই দলের সবাইকে দুর্গম পাহাড় ও জঙ্গলের ভেতরে না যাওয়ার জন্য আগেই নিষেধ করা হয়েছিল। তবুও তাঁরা সেখানে যান এবং ছিনতাইয়ের শিকার হন। ঘটনার খবর পেয়ে তিনি থানা-পুলিশকে জানান এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ জানান, ছিনতাইয়ের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পাহাড়ের বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়েছে। তবে অপরাধীরা দুর্গম পাহাড়ি এলাকায় পালিয়ে গেছে। বর্তমানে অবকাশ কেন্দ্রে পুলিশ মোতায়েন রয়েছে এবং ভুক্তভোগী পর্যটকরা লিখিত অভিযোগ (এজাহার) দিলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, বিষয়টি জানার পর খোঁজ নিয়ে তিনি জেনেছেন যে ঘটনাটি গজনী অবকাশ কেন্দ্রের সীমানার বাইরের একটি পাহাড়ে ঘটেছে। স্থানীয়দের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই শিক্ষার্থীরা সেখানে গিয়েছিলেন। এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ওসিকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এইচ/এম