[email protected] মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩

খুবিতে ডিন’স অ্যাওয়ার্ড পেলেন ৭ শিক্ষার্থী, সম্মাননা আরও ৩৩ জনকে

খুবি প্রতিনিধি

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬ ৭:৩৭ পিএম

সংগৃহীত ছবি

একাডেমিক কৃতিত্ব ও ভালো ফলাফলের স্বীকৃতি হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) জীববিজ্ঞান স্কুলের সাতটি ডিসিপ্লিনের সাত শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

২০২৫ সালের শিক্ষাবর্ষের ফলাফলের ভিত্তিতে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়। একই অনুষ্ঠানে প্রথমবারের মতো স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বিভিন্ন বর্ষে ভালো ফল করা আরও ৩৩ শিক্ষার্থীকে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

 

ডিন’স অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন— এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শাহ মাইমুন নাসির (আইডি: ২১০৮০৫), ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের মেহেরুন নেসা পুষ্পিতা (আইডি: ২১০৬১৯), ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের সাদিয়া হাকিম ফাল্গুনী (আইডি: ২১০৫১০), ফার্মেসি ডিসিপ্লিনের নাইমুর রহমান মুন্না (আইডি: ২১১১১৩), বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের মো. ইমাম হাসান নাইম (আইডি: ২১০৭১৯), এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের মিম খাতুন (আইডি: ২১১০০৬) এবং সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের জান্নাতি চৌধুরী (আইডি: ২১১৩০৭)।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে ডিন’স অ্যাওয়ার্ড অর্জন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সম্মানের। এ ধরনের স্বীকৃতি ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবনে আত্মবিশ্বাস এবং অনুপ্রেরণা জোগায়। একাডেমিক সাফল্যের পাশাপাশি শিক্ষার্থীদের উদ্ভাবনী কর্মকাণ্ডেও মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। বিভিন্ন ইনোভেশন ফেয়ারে নিজেদের উদ্ভাবন তুলে ধরে দেশের উন্নয়নে অবদান রাখার জন্যও শিক্ষার্থীদের উৎসাহিত করেন উপাচার্য।

 

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনুর রশীদ খান বলেন, জীববিজ্ঞানের শিক্ষা ও গবেষণা বর্তমান বিশ্বের নানা গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানে ভূমিকা রাখতে পারে। জলবায়ু পরিবর্তন, খাদ্যনিরাপত্তা ও স্বাস্থ্যসেবার মতো বিষয়গুলোর সঙ্গে এ শাস্ত্রের গভীর সম্পর্ক রয়েছে। সম্মাননাপ্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে এসব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

 

তিনি আরও বলেন, গবেষণায় দক্ষতা অর্জন করতে পারলে আন্তর্জাতিক পর্যায়েও কাজের সুযোগ তৈরি হয়। প্রথমবারের মতো একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড চালু করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।

 

বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুন্নবী বলেন, শিক্ষার্থীদের এমন অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। একটি সাফল্য পরবর্তী সাফল্যের পথ তৈরি করে। শিক্ষাজীবনে পাওয়া এ স্বীকৃতি ভবিষ্যৎ কর্মজীবনেও তাঁদের এগিয়ে যেতে উৎসাহিত করবে। একই সঙ্গে নিজেকে যোগ্য ও অন্যদের জন্য অনুসরণীয় হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন তিনি।

 

জীববিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক ড. মো. গোলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. নবীউল ইসলাম খান। অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম ঘোষণা করেন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।

 

সম্মাননা পাওয়া শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শাহ মাইমুন নাসির, ফার্মেসি ডিসিপ্লিনের মো. মোহাইমিনুল ইসলাম এবং ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের আমিনা আক্তার।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক শারমিন সুলতানা এবং ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রভাষক নওরিন আহসান হাবিব।

 

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রধান, শিক্ষক, পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী এবং তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

এফ/ডি

সম্পর্কিত খবর