জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মঙ্গলবার (৩ নভেম্বর) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিম স্বাক্ষরিত একটি চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ২০২৬ সালের ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ আয়োজন করতে হবে। দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠান এবং রচনা প্রতিযোগিতার ব্যবস্থা করতে বলা হয়েছে।
এ ছাড়া দিবসটি যথাযথভাবে পালনের অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনাও দিয়েছে মাউশি। এ বিষয়ে অধিদপ্তর থেকে আলাদা চিঠি পাঠানো হয়েছে।
এর আগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার। তবে দিনটি শনিবার হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বাড়তি ছুটি পাচ্ছেন না।
সরকারি ছুটির মধ্যেও মাউশির এই নির্দেশনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নির্ধারিত কর্মসূচি পালন করতে হবে। ফলে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতায় অংশ নিতে শিক্ষক-শিক্ষার্থীদের সেদিন প্রতিষ্ঠানে যেতে হবে।
এফ/ডি