[email protected] মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩

আওয়ামী লীগের কর্মসূচির বিরোধিতায় মধ্যরাতে কুবি ছাত্রদলের মিছিল

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬ ৭:২৭ পিএম

সংগৃহীত ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির প্রতিবাদ জানিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদল।

 দিবাগত রাত সাড়ে ১১টার দিকে (৯ নভেম্বর) সংগঠনটির নেতা-কর্মীরা এ কর্মসূচি পালন করেন।

 

মিছিল থেকে আওয়ামী লীগের রাজনীতির সমালোচনা করে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এর মধ্যে ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’ এবং ‘কীসের আবার ডিসেম্বর, লীগ ধইরা জেলে ভর’ স্লোগান উল্লেখযোগ্য।

 

মিছিল শেষে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. আবুল বাশার। তিনি বলেন, আওয়ামী লীগের সাবেক নেতা-কর্মীরা দেশে নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন বলে তাঁরা মনে করেন। এ ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা প্রতিরোধে কুবি ছাত্রদল প্রস্তুত রয়েছে। বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় অশান্তি সৃষ্টির চেষ্টা হলে তা মোকাবিলা করা হবে।

 

শাখা ছাত্রদলের আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শুভ বলেন, ক্যাম্পাসে স্বৈরাচারী শক্তির যেকোনো ধরনের তৎপরতা প্রতিহত করতে সংগঠনের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ। শিক্ষার্থীদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিশ্ববিদ্যালয়ে কোনো অপতৎপরতা চালাতে দেওয়া হবে না। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়েই এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে।

 

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখা এবং শিক্ষার্থীদের অধিকার রক্ষায় ছাত্রদল কাজ করে যাবে। দেশের স্বার্থ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেও সংগঠনটির নেতা-কর্মীরা সক্রিয় ভূমিকা পালন করবেন।

এফ/ডি

সম্পর্কিত খবর