ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ এলাকায় পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টা থেকে ২টার মধ্যে অনুষদ ভবনের সামনের পার্কিং এলাকায় এসব বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুপুরের খাবার শেষে একটি গাড়ির চালক দরজা খুলতে গেলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে তিনি আহত হন। এ সময় আশপাশে আরও বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানা গেছে।
ঘটনার পরপরই কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ভবনের ওপরের কোনো স্থান থেকে ককটেল নিক্ষেপ করা হয়ে থাকতে পারে বলে কয়েকজনের ধারণা। তবে বিষয়টি যাচাই করা হচ্ছে।
ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আল আমিন জানান, পার্কিং এলাকায় রাখা একটি গাড়ির চালক বিস্ফোরণে আহত হয়েছেন। শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। অন্য কেউ আহত হয়েছেন বলে তাদের কাছে তথ্য নেই।
তিনি আরও জানান, ঘটনার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস ও সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। পুলিশের বিশেষজ্ঞ দল আলামত পরীক্ষা করলে বিস্ফোরণের উৎস সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এদিকে ঘটনাটি নিয়ে হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রদলের সদস্যসচিব মানসুর রাফি অভিযোগ করেন, ক্যাম্পাসে থাকা ছাত্রলীগের সাবেক পদধারী এবং আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগ পাওয়া কিছু কর্মচারী এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল বলেন, বিস্ফোরণে আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর থেকে দেশের বিভিন্ন স্থানে নাশকতার খবর পাওয়া গেছে। শেখ হাসিনার দেশে ফেরার চেষ্টা এবং পাসপোর্ট আবেদনের বিষয়কে কেন্দ্র করে এসব ঘটনার সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশ্চিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এফ/ডি