[email protected] রবিবার, ৮ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক ১৪৩৩

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ১০ লাখ ছাড়াল, ফল ২৩ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬ ৭:১৬ পিএম

সংগৃহীত ছবি

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল

 পুনর্নিরীক্ষণের জন্য ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্রের আবেদন জমা পড়েছে। এ জন্য ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। গত দুই বছরের তুলনায় এবার পুনর্নিরীক্ষণের আবেদন উল্লেখযোগ্য হারে বেড়েছে। আগামী ২৩ নভেম্বর পুনর্নিরীক্ষণের এই ফল প্রকাশ করা হবে।

​রোববার (৮ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

​তিনি জানান, গত ৭ নভেম্বর ছিল খাতা পুনর্নিরীক্ষণের আবেদনের নির্ধারিত শেষ দিন। তবে শিক্ষার্থীদের সুবিধার্থে আবেদনের সময় বাড়িয়ে রোববার দুপুর ১২টা পর্যন্ত করা হয়। সময়সীমা শেষ হওয়ার পর আবেদনসংক্রান্ত চূড়ান্ত এই তথ্য জানা যায়।

​আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য ১১টি শিক্ষা বোর্ডে ২ লাখ ২৬ হাজার ৫৬১ জন পরীক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার ৪৫৮টি উত্তরপত্রের আবেদন করেছিলেন। আর ২০২৪ সালে মোট আবেদন জমা পড়েছিল ৫ লাখ ৮ হাজার ১১৬টি।

​সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গত দুই বছরের তুলনায় এবার পুনর্নিরীক্ষণের আবেদন দ্বিগুণেরও বেশি এবং সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিই সর্বোচ্চ।

​উল্লেখ্য, গত ৩০ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার পরীক্ষা দেওয়া ১২ লাখ ৪০ হাজার ৯৭৮ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন এবং অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। এবার পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ, যা গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন।

এইচ/এম

সম্পর্কিত খবর