[email protected] রবিবার, ৮ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক ১৪৩৩

২০২৭ শিক্ষাবর্ষের বই ডিসেম্বরেই বিতরণের নির্দেশ সংসদীয় কমিটির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬ ৬:৪৪ পিএম

সংগৃহীত ছবি

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের সব পাঠ্যবই ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় সংসদের স্থায়ী কমিটি।

নির্ধারিত সময়ের মধ্যে বই ছাপানো ও বিতরণ নিশ্চিত করতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

 

একই বৈঠকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি হওয়ার ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ করে প্রবিধানমালা প্রণয়নের সুপারিশ করা হয়। পাশাপাশি প্রথম থেকে দ্বাদশ শিক্ষক নিবন্ধনধারীদের নির্বাহী আদেশের মাধ্যমে দ্রুত নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

 

রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সিদ্ধান্ত ও সুপারিশ গৃহীত হয়। কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনসহ কমিটির অন্যান্য সদস্য অংশ নেন।

 

বৈঠকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের জমে থাকা আবেদন দ্রুত নিষ্পত্তির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে হজে যেতে ইচ্ছুক এবং জটিল রোগে আক্রান্ত শিক্ষকদের আবেদন অগ্রাধিকার দিয়ে পাওনা অর্থ পরিশোধের ব্যবস্থা নিতে বলা হয়েছে। সরকারি অর্থ বরাদ্দ পাওয়া সাপেক্ষে পর্যায়ক্রমে অন্য অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনাও পরিশোধের সুপারিশ করা হয়।

 

এনটিআরসিএর মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপারিনটেনডেন্ট, সহকারী সুপার, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের অগ্রগতিও সভায় তুলে ধরা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, চলমান নিয়োগ কার্যক্রমের সব মৌখিক পরীক্ষা আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

 

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কার্যক্রম পর্যালোচনা করে ২০২৭ শিক্ষাবর্ষের বই ডিসেম্বর ২০২৬-এর মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর নির্দেশনা পুনর্ব্যক্ত করে কমিটি। এ লক্ষ্যে মুদ্রণ ও সরবরাহ কার্যক্রম যথাসময়ে শেষ করার ওপর জোর দেওয়া হয়।

 

এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে আলোচনা হয়। এসব অভিযোগের বিষয়ে সংসদীয় কমিটির নিজস্ব উদ্যোগে অনুসন্ধান ও তদন্ত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

সভায় নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে মন্ত্রণালয়ের অবস্থান, শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো এবং শিক্ষক নিবন্ধনধারীদের নিয়োগসংক্রান্ত অগ্রগতিও পর্যালোচনা করা হয়। প্রথম থেকে দ্বাদশ নিবন্ধনধারীদের নিয়োগের বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সুপারিশ জানায় কমিটি।

 

কারিগরি শিক্ষার মান বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের পাশাপাশি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কার্যক্রম নিয়েও বৈঠকে আলোচনা হয়।

 

সভায় শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল, জাতীয় বিশ্ববিদ্যালয়, এনটিআরসিএ, এনসিটিবি এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এফ/ডি

সম্পর্কিত খবর