[email protected] শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

বাংলাদেশে প্রথম জঁ মোনে মডিউল চালু করল খুলনা বিশ্ববিদ্যালয়

খুবি প্রতিনিধি

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬ ১০:১২ পিএম

সংগৃহীত ছবি

দেশের উচ্চশিক্ষা অঙ্গনে নতুন সংযোজন হিসেবে প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইরাসমাস প্লাস (Erasmus+) কর্মসূচির আওতায় ‘জঁ মোনে মডিউল’ চালু করেছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)।

এর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের শাসনব্যবস্থা, জলবায়ুনীতি, পরিবেশ সুরক্ষা ও টেকসই নগর উন্নয়ন বিষয়ে শিক্ষা ও গবেষণার নতুন সুযোগ তৈরি হবে।

 

বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোঃ আশিক উর রহমানের প্রস্তাবিত ‘EU Governance, Green Deal and Climate-Resilient Urban Development (EUGREEN-CLIMURBAN)’ শীর্ষক প্রকল্পটি ইইউর Erasmus+ কর্মসূচির অধীনে জঁ মোনে মডিউল হিসেবে নির্বাচিত হয়েছে।

 

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ মডিউলের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোঃ আসলাম হোসেন।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু ও উন্নয়ননীতি সম্পর্কে জানার সুযোগ পাবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তন নিয়ে তাদের চিন্তা ও গবেষণাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার ক্ষেত্র তৈরি হবে। উদ্যোগটি বাস্তবায়িত হলে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিধি আরও বিস্তৃত হবে।

 

তিনি আরও বলেন, জঁ মোনে মডিউল আন্তর্জাতিক পর্যায়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত যোগাযোগ, গবেষণা সহযোগিতা এবং বিভিন্ন দেশের প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব জোরদারে সহায়ক হবে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম বলেন, এই মডিউলের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ইউরোপের গবেষক এবং শিক্ষাবিদদের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন। উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণের পাশাপাশি গবেষকদের বাস্তব সমস্যা সমাধান ও নীতিনির্ধারণে কার্যকর ভূমিকা রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।

 

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুনর রশীদ খান বলেন, দেশের প্রথম জঁ মোনে মডিউল চালু হওয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বাংলাদেশের উচ্চশিক্ষার জন্যও উল্লেখযোগ্য অর্জন। এর মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, আন্তর্জাতিক নীতিমালা সম্পর্কে ধারণা এবং দীর্ঘমেয়াদি একাডেমিক সক্ষমতা তৈরির সুযোগ হবে।

 

অনুষ্ঠানে মডিউলটির সমন্বয়ক অধ্যাপক ড. মোঃ আশিক উর রহমান স্বাগত বক্তব্যে প্রকল্পের লক্ষ্য, পাঠদান পদ্ধতি ও তিন বছর মেয়াদি পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের নীতি ও অভিজ্ঞতার সঙ্গে বাংলাদেশের বাস্তব পরিস্থিতির তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি এবং গবেষণার ক্ষেত্র সম্প্রসারণই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

 

অনুষ্ঠানে জানানো হয়, EUGREEN-CLIMURBAN প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়নের শাসনব্যবস্থা, ইউরোপিয়ান গ্রিন ডিল, পরিবেশ ও জলবায়ুনীতি, টেকসই নগরায়ণ এবং জলবায়ু সহনশীল উন্নয়ন নিয়ে আন্তঃবিষয়ক পাঠদান ও গবেষণা পরিচালিত হবে। ইউরোপের অভিজ্ঞতার সঙ্গে বাংলাদেশের নগর পরিকল্পনা, পরিবেশ ব্যবস্থাপনা ও জলবায়ু অভিযোজনের বিভিন্ন দিক তুলনামূলকভাবে বিশ্লেষণ করা হবে।

 

তিন বছর মেয়াদি এই প্রকল্পে মোট ৪৮০ ঘণ্টার শিক্ষা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের অন্তত ১২০ জন শিক্ষার্থীকে যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রতি সেমিস্টারের শুরুতে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

 

নিয়মিত পাঠদানের পাশাপাশি আন্তর্জাতিক অতিথি বক্তৃতা, বিশেষজ্ঞ সেমিনার, কর্মশালা, প্রশিক্ষণ, শিক্ষার্থীদের ব্যবহারিক প্রকল্প, নীতিসংলাপ এবং গবেষণাভিত্তিক কার্যক্রম পরিচালিত হবে। এ ছাড়া গবেষণার ফলাফল নিয়ে নীতিপত্র তৈরি ও জ্ঞান বিনিময়ের উদ্যোগও থাকবে।

 

প্রকল্পটিতে নেদারল্যান্ডসের Utrecht University এবং জার্মানির University of Stuttgart-এর শিক্ষকদের একাডেমিকভাবে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। এর ফলে ইউরোপীয় গবেষণা ও নীতিগত অভিজ্ঞতার সঙ্গে বাংলাদেশের উন্নয়নসংক্রান্ত চ্যালেঞ্জের সংযোগ তৈরির সুযোগ হবে।

 

অধ্যাপক ড. মোঃ আশিক উর রহমানের নেতৃত্বে প্রকল্পটির একাডেমিক কার্যক্রমে যুক্ত থাকবেন নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোঃ জাকির হোসেন, ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোঃ নাজমুস সাদাত, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোঃ নূরুন্নবী এবং অর্থনীতি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোঃ নাসিফ আহসান।

 

তাঁরা পাঠ্যক্রম প্রণয়ন, পাঠদান, শিক্ষার্থীদের গবেষণা, মূল্যায়নসহ বিভিন্ন একাডেমিক কার্যক্রমে দায়িত্ব পালন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষকরা প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা ও নিজ নিজ ক্ষেত্রে সম্ভাব্য অবদানের বিষয়েও আলোচনা করেন।

 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, পরিচালক, শিক্ষক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, জঁ মোনে মডিউল ইউরোপীয় ইউনিয়নের Erasmus+ কর্মসূচির একটি বিশেষ উদ্যোগ। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নবিষয়ক শিক্ষা ও গবেষণার প্রসার এবং আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করা হয়।

এফ/ডি

সম্পর্কিত খবর