চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাস ছেড়েছেন।
সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই সোমবার সকালে চুয়েটের প্রশাসনিক ভবনে প্রবেশ করেন নতুন উপাচার্য। সকাল পৌনে ৯টার দিকে ভবনের প্রধান ফটকের তালা ভেঙে তিনি ভেতরে ঢোকেন। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বাড়ে।
শিক্ষার্থীদের অভিযোগ, উপাচার্য বহিরাগতদের সঙ্গে নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। এর প্রতিবাদে তাঁরা পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন। নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করলে তাঁকে অবরুদ্ধ করে রাখার ঘোষণাও দেন তাঁরা। এরপর থেকে নিজ কার্যালয়ে অবস্থান করছিলেন উপাচার্য।
উপাচার্য নিয়োগ নিয়ে বিরোধের জেরে গত ২১ সেপ্টেম্বর থেকে চুয়েটে অচলাবস্থা চলছে। সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা সেদিন থেকেই আন্দোলন শুরু করেন। পরে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচির পাশাপাশি ক্লাস-পরীক্ষা বর্জন এবং বিশ্ববিদ্যালয় বন্ধের কর্মসূচিও পালন করা হয়।
এদিকে, সোমবার উপাচার্যের ক্যাম্পাসে প্রবেশের প্রতিবাদে শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও স্টাফ অ্যাসোসিয়েশন যৌথভাবে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘোষণা করে। কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এ অবস্থায় মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে উপাচার্যকে ক্যাম্পাস থেকে বের করে আনতে সেখানে যান চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং পুলিশ সুপার মো. মাসুদ আলম।
জেলা প্রশাসক জানান, উপাচার্য নিরাপত্তা চেয়েছেন এবং চিকিৎসার প্রয়োজনের কথা জানিয়েছেন। তাঁকে হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যেই তাঁরা ক্যাম্পাসে এসেছেন।
পরে সন্ধ্যা ৬টার দিকে উপাচার্যকে প্রশাসনিক ভবন থেকে বের করে অ্যাম্বুলেন্সে তোলা হয়। তবে তাঁকে কোন হাসপাতালে নেওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এসআর