প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি গাড়িতে নির্ধারিত সীমার অতিরিক্ত জ্বালানি ব্যবহারের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি চিঠি জারি করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। চিঠিতে সরকারি যানবাহনে জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে প্রচলিত নীতিমালা অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
অধিদপ্তরের চিঠিতে উল্লেখ করা হয়, সরকারি যানবাহন জ্বালানি ব্যবহার নীতিমালা অনুযায়ী একটি গাড়ির জন্য প্রতি মাসে সর্বোচ্চ ৩০০ ঘনমিটার সিএনজি এবং ১৮০ লিটার জ্বালানি তেল বরাদ্দ রয়েছে।
তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন কিছু যানবাহনে নির্ধারিত বরাদ্দের তুলনায় অতিরিক্ত জ্বালানি গ্রহণের তথ্য পাওয়া গেছে।
বিশেষ করে প্রাধিকারভিত্তিতে ব্যক্তিগত ব্যবহারে থাকা এবং বিভিন্ন রুটে কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতে ব্যবহৃত গাড়িগুলোতে কোনো কোনো ক্ষেত্রে বরাদ্দের দ্বিগুণেরও বেশি জ্বালানি নেওয়া হচ্ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
অধিদপ্তর বলছে, নির্ধারিত সীমার অতিরিক্ত জ্বালানি গ্রহণ সরকারি যানবাহনে জ্বালানি ব্যবহারের নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
পাশাপাশি অতিরিক্ত জ্বালানি ব্যবহারের কারণে গত অর্থবছরে সংশ্লিষ্ট খাতে বিপুল পরিমাণ অর্থের অডিট আপত্তিও উত্থাপিত হয়েছে।
এ অবস্থায় সরকারি যানবাহনে জ্বালানি গ্রহণ ও ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত সীমা যথাযথভাবে অনুসরণ এবং অতিরিক্ত জ্বালানি ব্যবহারের প্রবণতা বন্ধে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এসআর