[email protected] বৃহঃস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩

২৬ সেপ্টেম্বরের মধ্যে একাদশে ভর্তি কার্যক্রম সম্পন্নের নির্দেশ আন্তঃশিক্ষা বোর্ডের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১১:২২ এএম

সংগৃহীত ছবি

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে নিশ্চায়ন সম্পন্ন করা শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম

 নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য সারাদেশের সব কলেজ কর্তৃপক্ষকে জরুরি নির্দেশনা প্রদান করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আগামী ২৬ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।

​বুধবার (২৩ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক চিঠিতে দেশের সব কলেজের অধ্যক্ষদের এ সংক্রান্ত তাগিদ দেওয়া হয়।

​চিঠিতে জানানো হয়, ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে কলেজের নিজস্ব ইআইআইএন (EIIN) নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করার পর নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা পাওয়া যাবে। পরবর্তীতে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সব নথিপত্র সঠিকভাবে যাচাই-বাছাই করে অনলাইনে তাদের ভর্তি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

​বিশেষ করে এফকিউ (FQ), ইকিউ-১ (EQ-1), ইকিউ-২ (EQ-2) এবং এসকিউ (SQ) কোটার সঠিক প্রমাণপত্রসহ ভর্তির আনুষঙ্গিক যাবতীয় কাগজপত্র সতর্কতার সঙ্গে মূল্যায়ন করতে বলা হয়েছে।

​চিঠিতে স্পষ্টভাবে সতর্ক করে বলা হয়, উল্লেখিত সময়সীমার মধ্যে কোনো কলেজ যদি নির্বাচিত শিক্ষার্থীদের অনলাইনে ‘অ্যাডমিট’ (Admit) করতে ব্যর্থ হয়, তবে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের উক্ত প্রতিষ্ঠানের ভর্তি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। নির্ধারিত সময় পার হওয়ার পর এ নিয়ে কোনো প্রকার জটিলতা সৃষ্টি হলে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ তার কোনো দায়ভার গ্রহণ করবে না।

এসআর

সম্পর্কিত খবর