বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য কেন্দ্রীয়ভাবে ডিজিটাল লটারি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্রটি বলেছে, এ বিষয়ে নতুন সিদ্ধান্ত শিগগিরই চূড়ান্ত করা হতে পারে।
প্রস্তাবিত ব্যবস্থায় প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
‘ঢাকা মহানগরী ভর্তি কমিটি’ বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন শুরুর ও শেষ হওয়ার সময় জানাবে। নির্ধারিত সফটওয়্যারের মাধ্যমে অনলাইনেই আবেদন গ্রহণ করা হবে।
সারাদেশের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নির্বাচন কেন্দ্রীয় ডিজিটাল লটারির মাধ্যমে সম্পন্ন করবে ঢাকা মহানগরী ভর্তি কমিটি।
লটারি আয়োজনের আগে ব্যবহৃত সফটওয়্যারটি নির্ধারিত কারিগরি প্রতিষ্ঠানের মাধ্যমে তৈরি করার পর সরকার অনুমোদিত অন্য একটি কারিগরি প্রতিষ্ঠান দিয়ে এর কার্যকারিতা ও যথার্থতা যাচাই করাতে হবে।
এ যাচাই-সংক্রান্ত প্রত্যয়নপত্র সংরক্ষণও বাধ্যতামূলক থাকবে।
ডিজিটাল লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকার পাশাপাশি প্রতিষ্ঠানের শূন্য আসনের সমানসংখ্যক অপেক্ষমাণ শিক্ষার্থীর তালিকা তৈরি করা হবে।
নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিত কোনো শিক্ষার্থী ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকার ক্রমানুসারে পরবর্তী শিক্ষার্থীকে ভর্তির সুযোগ দেওয়া হবে। এক্ষেত্রে তালিকার ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা সংশ্লিষ্ট বিদ্যালয়ে পাঠাবে ঢাকা মহানগরী ভর্তি কমিটি।
এরপর প্রতিষ্ঠানের নিজস্ব ভর্তি কমিটি প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করবে।
তবে যৌক্তিক কারণে কোনো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্রীয় অনলাইন ভর্তি ব্যবস্থায় যুক্ত হতে না পারলে শিক্ষা মন্ত্রণালয়ের পূর্বানুমতি নিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি কার্যক্রম পরিচালনার সুযোগ থাকবে।
এসআর