মাত্র ১২ দিনের ব্যবধানে (৮ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন
মেধাবী শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়া, ক্যানসারে আক্রান্ত হওয়া এবং নদীতে ডুবে যাওয়ার পৃথক তিনটি ঘটনায় ক্যাম্পাসজুড়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে গভীর শোকের আবহ বিরাজ করছে।
সর্বশেষ ২০ সেপ্টেম্বর রোববার রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে তলিয়ে যান চবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাজিদ শাহারিয়ার সানম (২৪)। বন্ধুদের সাথে ট্র্যাকিং শেষে নদীর পানিতে হাত-মুখ ধোয়ার সময় স্রোতের টানে তিনি তলিয়ে যান। পরবর্তীতে পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল বিকেল সাড়ে চারটার দিকে তার মরদেহ উদ্ধার করে। সাজিদ নরসিংদীর রায়পুরা উপজেলার নাছির উদ্দীনের ছেলে।
এর আগের দিন ১৯ সেপ্টেম্বর শনিবার দিবাগত রাতে চাঁদপুরে নিজ বাড়িতে মারা যান চবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী অনিক চন্দ্র দাস (২৪)। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন এবং ভারতে চিকিৎসা শেষে সম্প্রতি দেশে ফিরেছিলেন।
এরও আগে গত ৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আব্দুর রব হলের সামনে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম।
পরপর তিন শিক্ষার্থীর এই করুণ অকালপ্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চবি উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল্-ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সফিকুল ইসলাম। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে প্রয়াত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন।
এসআর