কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে জানাজাটি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সহস্রাধিক মানুষ অংশ নেন।
জানাজায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানাজা শেষে অপ্রতিমের মরদেহ গন্ধমতী ঈদগাহ মাঠে নেওয়ার কথা রয়েছে। পরে সেখানেই তার দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছে পরিবার।
জানাজায় বক্তব্য দিতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দীন বলেন, অপ্রতিম শুধু একটি পরিবারের সন্তান নয়, সে বিশ্ববিদ্যালয় পরিবারেরও সদস্য। তার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিজয়-২৪ হল পর্যন্ত সড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্তের কথাও জানান।
অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার উপস্থিত সবার কাছে ছেলের জন্য দোয়া চান। তিনি বলেন, কুমিল্লার পরিবেশ ও মানুষের ভালোবাসার মধ্যেই তার ছেলে বড় হয়েছে। কোনো ভুল হয়ে থাকলে সবাই যেন তাকে ক্ষমা করে দেন—এমন অনুরোধও জানান তিনি।
এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কুমিল্লার সানন্দা পশ্চিমপাড়া লালমাই পাহাড় এলাকার জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।
এসআর