২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।
চূড়ান্ত ফলাফলের মাধ্যমে শিক্ষার্থীরা জানতে পারবেন, কোন কলেজে তাদের ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে।
ফল দেখতে শিক্ষার্থীদের একাদশ শ্রেণির ভর্তি-সংক্রান্ত কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। পাশাপাশি আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানিয়ে দেওয়া হবে।
চূড়ান্ত ফল প্রকাশের পর এবার নির্বাচিত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজে গিয়ে সরাসরি ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, রোববার (২০ সেপ্টেম্বর) থেকে কলেজগুলোতে ভর্তি কার্যক্রম শুরু হবে।
নির্ধারিত কলেজে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করে শিক্ষার্থীরা ভর্তি নিশ্চিত করতে পারবেন। এ কার্যক্রম চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।
এর আগে ১৬ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। ওই ধাপে ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। তাদের মধ্যে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন বিভিন্ন কলেজে ভর্তির জন্য মনোনীত হন।
তবে আবেদন করেও প্রথম ধাপে ১৪ হাজার ৪১৫ জন শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির সুযোগ পাননি। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ছিলেন ২ হাজার ২০৫ জন।
এ ছাড়া দেশের ১১টি অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পছন্দক্রমে কলেজ নির্বাচন করেননি। অন্যদিকে ৪১৬টি কলেজে কোনো শিক্ষার্থীকে ভর্তির জন্য মনোনয়ন দেওয়া হয়নি। ফলে এসব প্রতিষ্ঠান চলতি শিক্ষাবর্ষে কোনো ভর্তি-মনোনয়ন পায়নি।
বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়। আবেদন জমা দেওয়ার শেষ সময় ছিল ১৩ সেপ্টেম্বর রাত ৮টা।
ভর্তি নীতিমালা অনুযায়ী, একজন শিক্ষার্থী আবেদনের সময় সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখতে পেরেছেন।
এসআর