[email protected] বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গু প্রতিরোধে ইবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৭:১৬ পিএম

সংগৃহীত ছবি

ডেঙ্গু প্রতিরোধ এবং ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ইবি শাখা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে কর্মসূচির সূচনা হয়। পরে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক, চত্বর এবং ভবনের আশপাশে অভিযান চালিয়ে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।

 

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন এবং ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী।

 

এ সময় ইবি ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সাবেক আহ্বায়ক সাহেদ আহম্মেদসহ সংগঠনটির যুগ্ম আহ্বায়ক ও সদস্যরা উপস্থিত ছিলেন।

 

উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় সবুজে ঘেরা একটি সুন্দর ক্যাম্পাস। এ পরিবেশ আরও সমৃদ্ধ করতে এরই মধ্যে প্রায় ১ হাজার ৫০০টি গাছ লাগানো হয়েছে। ভবিষ্যতে ১০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্য নিয়ে কাজ চলছে।

 

তিনি বলেন, পরিচ্ছন্নতা কর্মসূচি শুধু একটি দিনের আয়োজন হলে এর উদ্দেশ্য পূরণ হবে না। ক্যাম্পাসের পরিবেশ ভালো রাখতে শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে প্রতিদিনের জীবনেও পরিচ্ছন্নতার অভ্যাস ধরে রাখতে হবে।

 

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরে উপাচার্য বলেন, ক্যাম্পাস পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমতে দেওয়া যাবে না। কারণ এডিস মশা সাধারণত জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে। তাই আবাসিক হল, বিভাগ, বাসাবাড়ি ও অফিসকক্ষসহ আশপাশের এলাকায় পানি জমছে কি না, তা নিয়মিত দেখতে হবে।

 

তিনি আরও বলেন, এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। ফলে দিনের সময় চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকার পাশাপাশি রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহারসহ প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে।

 

পরিচ্ছন্নতার দায়িত্ব শুধু কর্মীদের ওপর না দিয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ ক্যাম্পাসের সব অংশীজনকে নিজ নিজ জায়গা পরিষ্কার রাখার বিষয়ে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান উপাচার্য।

এসআর

সম্পর্কিত খবর