[email protected] রবিবার, ১ নভেম্বর ২০২৬
১৭ কার্তিক ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৫৭ শিক্ষার্থী পেলেন ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড, বৃত্তিতে ৪,৯২১ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৭:৩৫ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে সেরা ফলাফল অর্জনকারী ৫৭ জন মেধাবী শিক্ষার্থীকে

 'ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড' এবং ৪ হাজার ৯২১ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে এই সম্মাননা ও আর্থিক সহায়তা তুলে দেন।

​বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ছয় বছরে স্নাতক (পাস), স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে সেরা ফল করা ৩৭টি কলেজের ৫৭ জন শিক্ষার্থীকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত প্রতিটি শিক্ষার্থীকে একটি সনদ, ক্রেস্ট এবং ২৫ হাজার টাকার আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে, যার পেছনে মোট খরচ হয়েছে ১৪ লাখ ২৫ হাজার টাকা।

​এর পাশাপাশি ২০২৪ ও ২০২৫ সালের জন্য নির্বাচিত ১ হাজার ৫২৫টি কলেজের ৪ হাজার ৯২১ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এই বৃত্তিপ্রাপ্তদের তালিকায় বিশেষ চাহিদাসম্পন্ন, আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের মেধা সম্পন্ন শিক্ষার্থীরা স্থান পেয়েছেন।

​অর্থনৈতিক হিসাব অনুযায়ী, ২০২৫ সালের জন্য নির্বাচিত ৮৩০টি কলেজের ২ হাজার ৮৯৭ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৬ হাজার টাকা করে মোট ১ কোটি ৭৩ লাখ ৮২ হাজার টাকা বিতরণ করা হয়। অন্যদিকে ২০২৪ সালের জন্য নির্বাচিত ৭২৫টি কলেজের ২ হাজার ২৪ জন শিক্ষার্থীকে সমান হারে (জনপ্রতি ৬ হাজার টাকা) মোট ১ কোটি ২১ লাখ ৪৪ হাজার টাকা বৃত্তি দেওয়া হয়।

​জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক লুৎফর রহমান। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ ও ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেলও উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর