বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রসায়ন বিভাগের তিন শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
সোমবার দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের টোল প্লাজার কাছে একটি ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলেন রসায়ন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ইমরান খান, আশরাফ ও রাকিব আলম।
প্রত্যক্ষদর্শী ও আহতদের সঙ্গে কথা বলে জানা যায়, তিন শিক্ষার্থী একটি ভ্যানে করে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে রুপাতলীর দিকে যাচ্ছিলেন।
এ সময় বিপরীত দিক থেকে আসা গ্রিনলাইন পরিবহনের একটি বাস ব্রিজের ঢালে অন্য যানবাহনকে ওভারটেক করার সময় তাদের বহনকারী ভ্যানটির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দুর্ঘটনার মুহূর্তে বাসের ধাক্কা থেকে বাঁচতে ভ্যান থেকে লাফ দেন ইমরান খান। এতে তিনি এবং তার সঙ্গে থাকা আশরাফ ও রাকিব আহত হন। পরে দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেওয়া হয়।
আহত শিক্ষার্থী ইমরান খান বলেন, দুর্ঘটনার সময় পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে প্রাণ বাঁচাতে তাকে ভ্যান থেকে লাফ দিতে হয়েছে। তিনি বলেন, লাফ না দিলে বাসের চাকার নিচে পড়ার আশঙ্কা ছিল।
তার সঙ্গে থাকা আশরাফ ও রাকিবও আহত হয়েছেন। আল্লাহর রহমতে তারা প্রাণে বেঁচে গেছেন বলেও জানান তিনি।
দুর্ঘটনার পর আহত তিন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার ডা. কামরুন নাহার বলেন, আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. গাজী সাখাওয়াত হোসেন বলেন, দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের পাশে বিশ্ববিদ্যালয় প্রশাসন রয়েছে। তাদের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। শিক্ষার্থীদের দাবিগুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। পাশাপাশি বাসটির মালিক ও চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি দেখা হবে।
দুর্ঘটনায় জড়িত গ্রিনলাইন পরিবহনের বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-২৭৮৬ বলে জানা গেছে।
এসআর