[email protected] বৃহঃস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩

আহত শিক্ষার্থীদের খোঁজ নিতে গিয়ে হামলার অভিযোগ, হাসপাতালে জকসু নেতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ আগষ্ট ২০২৬ ১০:০২ পিএম

সংগৃহীত ফাইল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) স্বাস্থ্যবিষয়ক সম্পাদক নুর মোহাম্মদের ওপর হামলার অভিযোগ উঠেছে।

বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় আহত শিক্ষার্থীদের দেখতে যাওয়ার পথে সোহরাওয়ার্দী কলেজের সামনে এ ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি নুর মোহাম্মদকে মারধর করে সেখান থেকে সরিয়ে দিচ্ছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি মো. জসিম উদ্দিনের নেতৃত্বে নুর মোহাম্মদসহ আরও তিন থেকে চারজনের ওপর হামলা চালানো হয়।
ঘটনার পর জকসুর সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ ফেসবুকে দেওয়া এক প্রতিক্রিয়ায় হামলার নিন্দা জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তিনি বলেন, এ ধরনের ঘটনার বিচার না হলে ভবিষ্যতে আরও অরাজক পরিস্থিতির সৃষ্টি হতে পারে।


জকসুর পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় আহত নুর মোহাম্মদ বর্তমানে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা সন্তোষজনক নয়।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, বিষয়টি তিনি সদ্য জেনেছেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর ওপর বহিরাগতদের হামলা গ্রহণযোগ্য নয় এবং ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


প্রসঙ্গত, এর আগের দিন (৪ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসির চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠানে উত্তেজনার সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান’ আলোকচিত্র প্রদর্শনী চলাকালে ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিভিন্ন দাবিতে স্লোগান ও মিছিল শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।পরে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে রূপ নেয়।

এসআর

সম্পর্কিত খবর