[email protected] বৃহঃস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩

জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই মিছিল’

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ৫ আগষ্ট ২০২৬ ৭:৪১ পিএম

সংগৃহীত ছবি

“জুলাইয়ের অঙ্গীকার—ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ” এই স্লোগানকে সামনে রেখে জুলাই

 গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘অদম্য জুলাই মিছিল’ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

​বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সংগঠনের সভাপতি মো. ইউসুফ আলীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

​মিছিলে নেতাকর্মীরা “জুলাই নিয়ে তালবাহানা চলবে না”, “জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে”, “জুলাই সনদ মানে না যারা, বাংলাদেশের শত্রু তারা”, “আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ”, “ষড়যন্ত্র করিস না, গদি কিন্তু থাকবে না” এবং “জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার” সহ বিভিন্ন স্লোগান দেন।

​সমাবেশে সভাপতি ইউসুফ আলী বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের রক্তের বিনিময়ে অর্জিত এক ঐতিহাসিক অধ্যায়, যার লক্ষ্য ছিল একটি ইনসাফভিত্তিক, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন। কিন্তু দুই বছর পরও সেই প্রত্যাশা পূরণ হয়নি বলে তিনি অভিযোগ করেন। দেশে এখনও বৈষম্য, দুর্নীতি ও চাঁদাবাজি বিদ্যমান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্ষেত্রে এই বৈষম্যের চিত্র স্পষ্ট। তিনি প্রশাসনের কাছে দ্রুত এসব সমস্যার সমাধান এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, আদর্শিক লড়াই থেকে বিচ্যুত হলে অতীতের মতো পরিণতি ভোগ করতে হবে।

​তিনি আরও বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল নারীর নিরাপত্তা, আইনের শাসন, বিচার বিভাগের নিরপেক্ষতা এবং ঐক্যবদ্ধ জাতি গঠন; কিন্তু বর্তমান বাস্তবতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ধর্ষণ বৃদ্ধি এবং রাজনৈতিক বিভাজন উদ্বেগজনক। ক্যাম্পাসে গেস্টরুম-গণরুম সংস্কৃতি, হল দখল ও আধিপত্য বিস্তারের রাজনীতি পুনরায় চালুর চেষ্টা হলে তা প্রতিরোধের ঘোষণা দেন তিনি। পাশাপাশি জুলাই গণহত্যার বিচার, ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এসআর

সম্পর্কিত খবর