[email protected] বুধবার, ৫ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩

ঢাকা কলেজ ও জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ৭৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ আগষ্ট ২০২৬ ৫:২৪ পিএম

সংগৃহীত ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পর এবার ঢাকা কলেজে ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী

 ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঢাকা কলেজের ঘটনায় শিবিরের অন্তত ২০ জন এবং ছাত্রদলের ৭ জন আহত হয়েছেন। অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থী ও শিবির সমর্থিত জকসু প্রতিনিধিদের ওপর হামলার অভিযোগে সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে এই পৃথক সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে।

​ঢাকা কলেজে জুলাই অভ্যুত্থানের আলোচনা সভায় হামলা

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টার দিকে ঢাকা কলেজের গ্যালারি নম্বর ২-এ সংঘর্ষের সূচনা হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী শাখা ছাত্রশিবির জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনার আয়োজন করে। শিবিরের নেতাকর্মীরা অনুষ্ঠানস্থল ও পাশের গ্যালারিতে সাজসজ্জা ও ব্যানার টানানোর কাজ করার সময় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

​ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোহাম্মদ মামুন দাবি করেন, ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ মোশারফের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন নেতাকর্মী অতর্কিত এসে শিবিরের অফিস সম্পাদক আব্দুল মালেকসহ কয়েকজনকে মারধর করেন। এতে মালেক মাথায় গুরুতর আঘাত পেলে তাঁকে চিকিৎসার জন্য পপুলার হাসপাতালে নেওয়া হয়।

​অন্যদিকে, ছাত্রদলের কর্মী রাসেলের দাবি, সকালে শিবিরের কর্মসূচিকে কেন্দ্র করে বহিরাগত শিবির কর্মীরা ক্যাম্পাসে জড়ো হয়ে ছাত্রদলের কর্মীদের উসকানিমূলক কথা বলে এবং এক কর্মীকে মারধর করে। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল বের করেন। পরবর্তীতে শিবিরের নেতাকর্মীরা হামলা চালিয়ে ধাওয়া দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

​জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু প্রতিনিধি ও শিক্ষার্থীদের ওপর হামলা

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, অস্থায়ী আবাসন প্রকল্পের কাজ দ্রুত শুরু ও মেডিকেল সেন্টারের উন্নয়নের দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) প্রতিনিধিরা।

​বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় জকসু প্রতিনিধিরা প্ল্যাকার্ড হাতে প্রবেশ করতে গেলে এ ঘটনা ঘটে। ছাত্রশিবিরের অভিযোগ, জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্যসচিব শামসুল আরেফিনের উপস্থিতিতে ছাত্রদল নেতারা জকসু ভিপি রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরিফসহ শিবির সমর্থিত প্রতিনিধি, সাংবাদিক ও অর্ধশতাধিক শিক্ষার্থীকে মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেয়।

​অভিযোগের বিষয়ে জবি ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি। তবে জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ছাত্রশিবির ও জকসু প্রতিনিধিরা পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। তারা নিজেরা নিজেদের প্ল্যাকার্ড ছিঁড়ে ছাত্রদলের ওপর দায় চাপানোর চেষ্টা করছে।

এসআর

সম্পর্কিত খবর