[email protected] শনিবার, ১৮ জুলাই ২০২৬
৩ শ্রাবণ ১৪৩৩

ট্রল-সমালোচনায় নয়, দায়িত্ব পালনে অটল থাকার প্রত্যয় শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬ ৮:৫৭ পিএম

সংগৃহীত ছবি

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই সরকারের প্রধান দায়িত্ব।

এ দায়িত্ব পালনের পথে সমালোচনা, ট্রল কিংবা অপপ্রচার এলেও তা থেকে সরে আসার কোনো সুযোগ নেই।

 

শনিবার (১৮ জুলাই) নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন ও নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

অনুষ্ঠানের আগে শহরের বরুনকান্দি এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নামফলক উন্মোচন, পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রমের সূচনা করেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী।

 

সম্প্রতি এইচএসসি পরীক্ষা ঘিরে সৃষ্ট বিতর্কের প্রসঙ্গ তুলে শিক্ষামন্ত্রী বলেন, কয়েকজন শিক্ষার্থী পরীক্ষা পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিল। তবে জাতীয় পর্যায়ের পরীক্ষা হঠাৎ পরিবর্তনের সুযোগ নেই। আবহাওয়া পরিস্থিতি পর্যালোচনা এবং সংশ্লিষ্ট সংস্থার মতামতের ভিত্তিতেই নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।

 

তিনি জানান, পরবর্তীতে কিছু এলাকায় জলাবদ্ধতার খবর পাওয়ার পর স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পরীক্ষা স্থগিত করার ক্ষমতা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

 

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি তিনি উপলব্ধি করেছেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। তবে একটি মহল ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করে অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি করেছে। অনেক সমালোচনাকারী পরীক্ষার্থীও ছিলেন না বলে মন্তব্য করেন তিনি।

 

তিনি আরও বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের ট্রল বা অপবাদ তাঁকে নিরুৎসাহিত করতে পারবে না। শিক্ষা খাতের উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ অব্যাহত থাকবে।

 

নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে এহসানুল হক মিলন বলেন, অতীতেও তিনি মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শিক্ষা খাতে কাজ করছেন। অন্যায় বা অনিয়মকে কখনোই প্রশ্রয় দেওয়া হবে না বলেও তিনি জানান।

 

একজন শিক্ষকের দেওয়া ‘পরীক্ষা মিলন’ মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, পরীক্ষা ছাড়া কোনো শিক্ষাব্যবস্থা বা ডিগ্রির মূল্যায়ন সম্ভব নয়। একই সঙ্গে উচ্চশিক্ষার মান নিয়েও গুরুত্বসহকারে ভাবার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

 

তিনি বলেন, দেশের সবচেয়ে বড় শক্তি হলো মানবসম্পদ। সেই সম্পদকে দক্ষ জনশক্তিতে রূপ দিতে শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়ন অপরিহার্য। সরকার এ লক্ষ্যেই শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

 

বাংলাদেশকে আন্তর্জাতিক মানের শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে শিক্ষামন্ত্রী বলেন, এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে বিদেশি শিক্ষার্থীরাও বাংলাদেশে উচ্চশিক্ষা নিতে আগ্রহী হয়।

 

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউজিসির সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, বিভিন্ন সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে জানানো হয়, দীর্ঘ প্রতীক্ষার পর হিসাববিজ্ঞান ও আইন বিভাগে ৪০ জন করে মোট ৮০ জন শিক্ষার্থী নিয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। এটি জেলার উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন এক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর