[email protected] শনিবার, ১৮ জুলাই ২০২৬
৩ শ্রাবণ ১৪৩৩

ভিকারুননিসায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬ ২:৪৪ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন খাতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ তুলেছেন একাধিক অভিভাবক।

তাদের দাবি, শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালার বাইরে গিয়ে নানা শিরোনামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে, যা নিয়ে অভিভাবকদের মধ্যে অসন্তোষ বাড়ছে।

অভিভাবকদের অভিযোগ অনুযায়ী, শিক্ষাবর্ষের শুরু থেকেই বিভিন্ন সময়ে উৎসব, ম্যাগাজিন, ধর্মীয় অনুষ্ঠান, জেনারেটর, ক্যালেন্ডার, সিলেবাস, ক্রীড়া, ডায়েরি ও পরীক্ষাসহ বিভিন্ন খাতে অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হয়েছে।

সর্বশেষ জুলাই মাসে অনুপস্থিতি ও সেশন চার্জের নামে আরও অর্থ নেওয়ার অভিযোগও তুলেছেন তারা।

এছাড়া শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ফিসহ আরও কিছু খাতেও অর্থ আদায়ের কথা উল্লেখ করেছেন অভিভাবকরা।

কয়েকজন অভিভাবকের ভাষ্য, নির্ধারিত মাসিক বেতনের বাইরে ধারাবাহিকভাবে বিভিন্ন ফি পরিশোধ করতে হচ্ছে। এমনকি অসুস্থতা, প্রাকৃতিক দুর্যোগ বা অন্য যৌক্তিক কারণে কোনো শিক্ষার্থী অনুপস্থিত থাকলেও জরিমানা দিতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

একজন অভিভাবক বলেন, এসব বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সন্তোষজনক ব্যাখ্যা দিচ্ছে না। ফলে বিষয়টি নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিষ্ঠানের এক শিক্ষক দাবি করেন, প্রচলিত নীতিমালার সঙ্গে বর্তমান কিছু কার্যক্রমের অসামঞ্জস্য রয়েছে। তার মতে, উপস্থিতির হার যথেষ্ট থাকার পরও অনুপস্থিতির কারণে জরিমানা আদায় করা প্রশ্নের জন্ম দিচ্ছে।

প্রতিষ্ঠানটির সাবেক এক প্রধানও অভিযোগ করেন, অতীতেও বিভিন্ন প্রশাসনিক অনিয়ম নিয়ে আলোচনা ছিল। তাই বিষয়টি নিরপেক্ষভাবে খতিয়ে দেখা প্রয়োজন বলে তিনি মনে করেন।

এ প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) পরিচালক (মাধ্যমিক) প্রফেসর মো. সাখাওয়াত হোসেন খান লাভলু প্রতিদিনের বাংলা ডটনেটকে বলেন, আমরা সব সময় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। অভিযোগের বিষয়ে খোঁজ খবর নিয়ে আাইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে জানান এই কর্তাব্যক্তি।

 

এসআর

সম্পর্কিত খবর