চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পূর্বনির্ধারিত ২০ জুলাই প্রকাশ করা হচ্ছে না।
প্রশাসনিক ব্যস্ততার কারণে ফল প্রকাশের সময়সূচিতে পরিবর্তন আসছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শনিবার (১৮ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, প্রশাসনিক বিভিন্ন কার্যক্রমে সংশ্লিষ্টদের ব্যস্ততার কারণে নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব হয়নি।
তিনি জানান, ফল প্রকাশে দীর্ঘ বিলম্বের আশঙ্কা নেই। নতুন তারিখ এখনও নির্ধারণ না হলেও চলতি মাসের মধ্যেই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নিয়ে শিক্ষা বোর্ডগুলো কাজ করছে।
বোর্ড চেয়ারম্যানের ভাষ্য অনুযায়ী, ফল প্রস্তুতের বাকি কার্যক্রম দ্রুত শেষ করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। এর আগে ২০ জুলাই ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও পরিস্থিতির কারণে সেই সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের আশা, চলতি মাসের অবশিষ্ট সময়ের মধ্যেই শিক্ষার্থীরা তাদের এসএসসি ও সমমান পরীক্ষার ফল জানতে পারবেন।
এসআর