[email protected] বৃহঃস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩

মাউশি ডিজির পরিচয়ে প্রতারণা, ভুয়া কল নিয়ে জরুরি সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬ ৭:১৫ পিএম

এ আই জেনারেটেড গ্রাফিক্স

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে।

একটি মোবাইল নম্বর থেকে নিজেকে মাউশি ডিজি পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছে অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মাউশি এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানায়।

অধিদপ্তর জানায়, প্রতারকরা বদলি, নিয়োগ, পদোন্নতি ও প্রশিক্ষণের সুযোগ করে দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ দাবি করছে।

এ ধরনের কোনো প্রলোভনে সাড়া না দিতে এবং কোনো অবস্থাতেই আর্থিক লেনদেন না করার অনুরোধ করা হয়েছে।

মাউশির দেওয়া তথ্যমতে, প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল নম্বরটি হলো ০১৯৪২-১৯১৯৫৮

অধিদপ্তর জানায়, এর আগেও একই ধরনের প্রতারণার বিষয়ে সতর্ক করা হয়েছিল।

বিভিন্ন অসাধু চক্র শিক্ষা প্রশাসনের কর্মকর্তাদের নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে অর্থ আদায়ের চেষ্টা করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাউশি বা এর আওতাধীন কোনো কর্মকর্তা পরিচয়ে কেউ বদলি, নিয়োগ, পদোন্নতি, প্রশিক্ষণ বা অন্য কোনো প্রশাসনিক সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ দাবি করলে তা বিশ্বাস না করার আহ্বান জানানো হয়েছে।

এ ধরনের ঘটনার মুখোমুখি হলে সংশ্লিষ্ট মোবাইল নম্বরসহ বিষয়টি দ্রুত নিকটস্থ থানায় জানাতে এবং প্রতারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে মাউশি।

পাশাপাশি মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর