[email protected] বৃহঃস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
৩১ আষাঢ় ১৪৩৩

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন আন্দোলনরত শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬ ১০:২৯ পিএম

সংগৃহীত ছবি

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি শেষে আন্দোলন স্থগিত করেছেন এইচএসসি পরীক্ষার্থীদের একাংশ।

একই সঙ্গে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্য রাত ১০টা পর্যন্ত সময় বেঁধে দিয়ে নতুন কর্মসূচির ঘোষণাও দিয়েছেন।


বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে প্রায় দেড় ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা সড়ক ছেড়ে যান।


আন্দোলনকারীদের পক্ষে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী রাহাত আহমেদ বলেন, সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে তারা আপাতত কর্মসূচি স্থগিত করছেন।

তবে তাদের একমাত্র দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ।

তিনি জানান, রাত ১০টার মধ্যে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না এলে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করা হবে।


এর আগে বুধবার এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীদের একটি অংশ।

পরে তারা মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দেন। শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ তাদের অগ্রযাত্রায় বাধা দেয়। সেখানে কিছু সময় অবস্থানের পর আন্দোলনকারীরা স্থান ত্যাগ করলে পুলিশ সড়কে দেওয়া ব্যারিকেড সরিয়ে নেয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।


গত কয়েকদিন ধরে চলমান আন্দোলনে শিক্ষার্থীরা তিন দফা দাবি তুলে ধরেছেন।

তাদের দাবিগুলো হলো বন্যা ও দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ।


মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, জলাবদ্ধতা, পরীক্ষা আয়োজন এবং পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রের বিভিন্ন ত্রুটি নিয়ে ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখান থেকেই বুধবার ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল।

সেই কর্মসূচির ধারাবাহিকতায় বুধবার সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হন আন্দোলনকারীরা।

এসআর

সম্পর্কিত খবর